Logo

প্রশ্নফাঁসের ঘটনায় আমিনুল হকের পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর, ২০২৬, ১৫:০৬
প্রশ্নফাঁসের ঘটনায় আমিনুল হকের পদত্যাগসহ ৫ দফা দাবি যুবশক্তির
ছবি: সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি। একই সঙ্গে ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি এবং মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

রবিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে এসব দাবি তুলে ধরা হয়। কর্মসূচিতে সংগঠনটির নেতারা নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, রাজনৈতিক প্রভাব এবং বেকারত্বের সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ বলেন, প্রশ্নফাঁসের ঘটনা প্রকাশ্যে আসার পেছনে ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ থাকতে পারে বলে তাঁদের সন্দেহ হচ্ছে। তাঁর দাবি, অভ্যন্তরীণ কোনো বিরোধ না থাকলে ঘটনাটি হয়তো সামনে আসত না।

তিনি বলেন, ২৪২টি পদের বিপরীতে ৩ লাখ ১৯ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন। এই পরিসংখ্যান দেশের চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা ও কর্মসংস্থানের সংকট তুলে ধরে। এমন পরিস্থিতিতে মেধার ভিত্তিতে নিয়োগের পরিবর্তে কোটা, ভাইভার নম্বর বৃদ্ধি এবং রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া প্রভাবিত করার অভিযোগও তোলেন তিনি।

বিজ্ঞাপন

যুবসমাজের কর্মসংস্থান ও ন্যায্য অধিকার নিয়ে ছিনিমিনি না খেলার আহ্বান জানিয়ে রিফাত রশিদ বলেন, “যুবসমাজের পেটে লাথি দিয়ে তাদের সঙ্গে খেলবেন না। যুবসমাজের কোর্ট আপনার ফুটবল না যে আপনি লাথি দেবেন আর তারা চুপ করে বসে লাথি খাবে।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেল অভিযোগ করেন, বিএনপি দ্রুত আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করছে। তাঁর দাবি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও অকার্যকর করার প্রচেষ্টা চলছে। এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি বাস্তবায়নের বদলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সুযোগ তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার কার্যকর কোনো পরিকল্পনা তুলে ধরতে পারেনি। এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতির পরিবর্তে এক কোটি চাঁদাবাজ তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

তারিকুল ইসলাম আরও বলেন, “বাংলাদেশের তরুণরা তাদের ন্যায্য হিস্যা কোনো রাজনৈতিক দল আদায় করে দেয়নি। আমরা রাজপথে নেমে সবসময় আমাদের ন্যায্য হিস্যা আদায় করেছি।”

জাতীয় যুবশক্তির পক্ষ থেকে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—

১. যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে পদত্যাগ করতে হবে।

বিজ্ঞাপন

২. প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

৩. নিয়োগপ্রক্রিয়ায় দলীয়করণ, স্বজনপ্রীতি ও অনিয়ম বন্ধ করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে।

৪. পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি এবং মৌখিক পরীক্ষায় (ভাইভা) নম্বর নিয়ে কারসাজি বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

৫. বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও যুব উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশ করতে হবে।

প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করে জাতীয় যুবশক্তি। সংগঠনটির নেতারা তরুণদের কর্মসংস্থান এবং নিয়োগে সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD