Logo

আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলেন আ.লীগের নেতাকর্মীরা: তাসনুভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর, ২০২৬, ১৫:০৫
আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলেন আ.লীগের নেতাকর্মীরা: তাসনুভা
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নেতাকর্মীরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য ও গুজব ছড়ান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনুভা জাবিন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং অভ্যুত্থান-পরবর্তী সরকারকে ঘিরে দলটির নেতাকর্মী ও সমর্থকদের নানা অপতথ্য ছড়ানোর অভিযোগও তুলেছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তাসনুভা জাবিন।

পোস্টে তিনি লেখেন, আজ থেকে ৩০-৪০ বছর পর রাজনীতিতে এসে যদি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে এবং অভ্যুত্থান-পরবর্তী সরকার সম্পর্কে দলটির নেতাকর্মী ও সমর্থকেরা কী ধরনের মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়েছেন, তা শুনতেন, তাহলে বিশ্বাস করতেন না। তবে এখন নিজ চোখেই এসব ঘটনা দেখছেন।

তাসনুভা জাবিনের ভাষ্য, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচণ্ড আত্মবিশ্বাসের সঙ্গে, বজ্রকণ্ঠে এবং চোখে চোখ রেখে মিথ্যা কথা বলেন। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে পালিয়ে যেতেন না বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে ৭৫ বছর পুরোনো একটি দলের নেতাকর্মীরা দেশ ছেড়ে চলে যাওয়ার পর ৮০ বছর বয়সী একজন নারীর ওপর নির্ভর করে দলটি কীভাবে আবার ঘুরে দাঁড়াবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসবে বলে যারা নিশ্চিতভাবে দাবি করছেন, তাদের বাস্তবতা বিবেচনায় নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন তাসনুভা। তাঁর মতে, কোনো রাজনৈতিক দলের আদর্শকে ধর্মের মতো বিবেচনা করে বাস্তবতাবিবর্জিত বক্তব্য দেওয়া উচিত নয়। বিশেষ করে শিক্ষিত ব্যক্তিদের কাছ থেকে যৌক্তিক আলোচনা প্রত্যাশা করেন তিনি।

পোস্টে আওয়ামী লীগ সরকারের আমলের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট ও স্বৈরশাসন নিয়ে আলোচনা অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন তাসনুভা জাবিন। তবে দলটির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা কিংবা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া মানেই আওয়ামী লীগ মূলধারার রাজনীতিতে সক্রিয়—এমনটি নয় বলেও মন্তব্য করেন তিনি।

তাসনুভার ধারণা, আওয়ামী লীগের পক্ষে সহজে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের ওপর নির্ভর করেও দলটির প্রত্যাবর্তন কঠিন। দিল্লির সমর্থনে বাংলাদেশে আবার নিজেদের অবস্থান প্রতিষ্ঠার স্বপ্ন দেখলেও বাস্তবে দিল্লি অনেক দূরে বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD