শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: শফিকুর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি মনে করেন, দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি ঐক্য প্রয়োজন।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তুলতে হবে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে। তাই বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তার অভিযোগ, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দলটির নির্যাতনে অতিষ্ঠ হয়েই বাংলাদেশের যুবসমাজ তাদের দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।
তিনি আরও বলেন, অতীতের সব হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তার মতে, দেশের বৃহত্তর স্বার্থ রক্ষায় পারস্পরিক সমন্বয় ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক ঐক্য গুরুত্বপূর্ণ।








