Logo

‘বক্তব্য দিতে না দিলে ডেকেছেন কেন’ প্রশ্ন তুলে বেরিয়ে যান এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৫:৫৪
‘বক্তব্য দিতে না দিলে ডেকেছেন কেন’ প্রশ্ন তুলে বেরিয়ে যান এনসিপি নেতারা
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে বাগবিতণ্ডায় জড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির নেতারা। একপর্যায়ে সংবাদ সম্মেলন বর্জন করে সম্মেলন কক্ষ ত্যাগ করেন তারা। এ সময় তাদের প্রশ্ন ছিল, ‘বক্তব্য দিতে না দিলে আমন্ত্রণ জানিয়েছেন কেন?’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ড আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা ও সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের বক্তব্য শেষ হওয়ার পর পেছন থেকে কথা বলার সুযোগ চান এনসিপির শ্রমিক শক্তির নেতারা। এ সময় বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোন দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনকে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি একটি সংবাদ সম্মেলন। তবে বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির নেতারা। তারা প্রশ্ন তোলেন, বক্তব্য দেওয়ার সুযোগ না থাকলে তাদের আমন্ত্রণ জানানো হলো কেন?

একপর্যায়ে তারা ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় গাজীপুরে শ্রমিকদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তারা বলেন, শ্রমিকদের ওপর পৈশাচিক নির্যাতন চলছে। অথচ এখানে শ্রমিক প্রতিনিধি সরকারের পক্ষে কাজ করছেন।

পরিস্থিতি সামাল দিতে বিএনপি নেতা শিমুল বিশ্বাস তাদের থামানোর চেষ্টা করেন। তবে তাতে পরিস্থিতি শান্ত হয়নি। পরে ‘বয়কট, বয়কট’ স্লোগান দিয়ে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান এনসিপির শ্রমিক সংগঠনের নেতারা।

এ ঘটনায় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, সদস্যসচিব রিয়াজ মোর্শেদ, মুখ্য সংগঠক আরমান হোসেন এবং সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মামুন চাকলাদার।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD