সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। রোববার (৪ অক্টোবর) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
বিজ্ঞাপন
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনা সাধারণ কোনো বিষয় নয়। সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে নির্দেশনা ছাড়া এটি ঘটতে পারে না বলে দাবি করেন তিনি। আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ার কারণে সৃষ্ট আক্রোশ থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন।
বিমানবন্দরের অব্যবস্থাপনার প্রসঙ্গে তিনি বলেন, সেখানে ট্রলি পাওয়া যায় না এবং লাগেজ পেতে কয়েক ঘণ্টা দেরি হয়। আখতারুজ্জামান এসব অনিয়মের বিষয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের ঘটনাকে উপলক্ষ করে রাজনৈতিক কারণে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে করা মামলাটি জামিনযোগ্য হলেও আদালতে জামিন নামঞ্জুর করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও অভিযোগ করেন, সরকারের একজন মন্ত্রী মধ্যরাতে বিমানবন্দরে গিয়ে সেদিনের ঘটনা নিয়ে অসত্য বক্তব্য দিয়েছেন। তার দাবি, বিমানবন্দরের অব্যবস্থাপনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করতে কর্মকর্তাদের চাপ দেওয়া হয়েছে।
আখতারুজ্জামানকে হাতকড়া, হেলমেট ও জ্যাকেট পরিয়ে আদালতে হাজির করারও নিন্দা জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, সমাজে সম্মানীয় একজন ব্যক্তির সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়।
আখতারুজ্জামানকে কারাগারে ডিভিশন না দেওয়ার অভিযোগ তুলে জামায়াতের এই নেতা বলেন, তিনি সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা—এ সংক্রান্ত গেজেট আদালতে উপস্থাপন করা হয়েছে। এরপরও তাকে ডিভিশন দেওয়া হয়নি। ৭৫ বছর বয়সী আখতারুজ্জামান অসুস্থ হলেও তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলেও দাবি করেন তিনি। অবিলম্বে তার ডিভিশনের আদেশ কারাগারে পাঠানোর দাবি জানান গোলাম পরওয়ার।
বিজ্ঞাপন
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে মব সৃষ্টি ও আখতারুজ্জামানের আইনজীবী, নেতাকর্মী এবং স্বজনদের ওপর হামলার অভিযোগও করেন তিনি। এ ঘটনাকে আওয়ামী লীগ সরকারের সময়কার আদালতের পরিস্থিতির সঙ্গে তুলনা করে বিএনপির নেতাকর্মীদের আচরণের সমালোচনা করেন গোলাম পরওয়ার।
তিনি আরও বলেন, আখতারুজ্জামানের গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে কর্মসূচি চলছে। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাও এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাকে মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
সবকিছু বিবেচনায় নিয়ে মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
বিজ্ঞাপন
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইয়াছিন আরাফাতসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।








