নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস সরকারের ব্যর্থতা: ছাত্রশক্তি

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে বিএনপি সরকারের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা বলে মন্তব্য করেছে জাতীয় ছাত্রশক্তি। এ ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞাপন
শনিবার (১০ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শনিবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নিয়োগ পরীক্ষাটি। এতে তিন লাখের বেশি চাকরিপ্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা প্রার্থীদের শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। এতে চাকরিপ্রার্থীদের সময়, অর্থ ও ভবিষ্যৎ নিয়ে সরকারের দায়িত্বশীলতার ঘাটতি প্রকাশ পেয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
জাতীয় ছাত্রশক্তির ভাষ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় মেধাভিত্তিক ও স্বচ্ছ রাষ্ট্র গঠনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, প্রশ্ন ফাঁসের অভিযোগ তার পরিপন্থী। নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করা সরকারের দায়িত্ব উল্লেখ করে সংগঠনটি বলেছে, এ ঘটনায় সেই দায়িত্ব পালনে ব্যর্থতার প্রশ্ন উঠেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও বলা হয়, একটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিত করতে না পারলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা কতটা সুরক্ষিত, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়। প্রশ্ন ফাঁসের অভিযোগে বেকার তরুণদের ক্ষতিগ্রস্ত হওয়ার দায় সরকারের নেওয়া উচিত বলেও মন্তব্য করেছে সংগঠনটি।
এ ঘটনায় তিনটি প্রধান দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। সেগুলো হলো—স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে আইনের আওতায় আনা।
বিবৃতিতে সরকারকে সতর্ক করে জাতীয় ছাত্রশক্তি বলেছে, তরুণদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না। একই সঙ্গে চাকরিপ্রত্যাশীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি। তবে প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি।








