শহীদ ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি সমাধিস্থলে গিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিজ্ঞাপন
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের নিজ বাসা থেকে শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে বের হন তারেক রহমান। কবর জিয়ারত শেষে তার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কথা রয়েছে।
তবে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত কেউ বর্তমানে পঙ্গু হাসপাতালে ভর্তি না থাকায় সেখানে যাওয়ার কর্মসূচি নেই তারেক রহমানের।
আরও পড়ুন: ওসমান হাদির কবর জিয়ারতে রওনা তারেক রহমান
বিজ্ঞাপন
এর আগের দিন শুক্রবার বিকেলে তারেক রহমান শ্রদ্ধা জানান তার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। দীর্ঘ ১৯ বছর পর তিনি সমাধিতে গিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এবং নিজ হাতে দোয়া করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে রাজধানীর তীব্র যানজট ও জনস্রোত পেরিয়ে সাভারে পৌঁছাতে তার প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। সেখানে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে অস্ত্রোপচার করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন ১৯ ডিসেম্বর রাতে তার মরদেহ দেশে পৌঁছায়। ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।








