Logo

ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো: দুদু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৬:৫৯
ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো: দুদু
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের আওয়ামী লীগের প্রতি ভালোবাসার মনোভাব নিয়ে কড়া মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তাঁর মতে, বিএনপির অর্জন ভোগ করে অন্য দলের সাফল্যের প্রশংসা করা ঠিক নয়।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে ফজলুর রহমানকে ইঙ্গিত করে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, “ফজলুর রহমান আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে চান, এ নিয়ে কথা বলতে চান। তো সেটা তিনি করতে পারেন। কিন্তু এটা তো পরকীয়ার মতো হয়ে যাবে।”

দুদু আরও বলেন, “খাই-দাই, অর্জন করি বিএনপির, আর অন্যেরটা আমি সাফল্য হিসেবে গাই—এটা তো ঠিক হবে না।” তাঁর অভিযোগ, ফজলুর রহমান প্রায়ই নানা ধরনের বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সরগরম রাখেন।

ফজলুর রহমানের অতীত রাজনৈতিক পরিচয় তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, তিনি একসময় ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন। এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়েও দায়িত্ব পালন করেছেন। তাঁর বক্তব্যের বিষয়টি নিয়ে আলোচনা হলেও জাতীয় রাজনীতিতে এসব কথার তেমন গুরুত্ব নেই বলে মন্তব্য করেন শামসুজ্জামান দুদু।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD