গ্রামীণ ব্যাংকে হামলা, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে দলটিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, চলতি নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় জড়িত ব্যক্তিদের অনেককে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে বলে দাবি করেন এনসিপির এই নেতা।
গ্রামীণ ব্যাংকের আন্তর্জাতিক পরিচিতি ও অর্জনের প্রসঙ্গ তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘গরিবের ব্যাংক’ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। চলতি বছর প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার পাওয়ার ২০ বছর পূর্তি হচ্ছে।
ব্যাংকটির মালিকানা কাঠামো নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন নাহিদ। তাঁর ভাষ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং অবশিষ্ট ১০ শতাংশের মালিক সরকার। অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা ও এর কার্যক্রমের ভিত্তি গড়ে তুলেছেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই ব্যাংকটিকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এ ধরনের ধারাবাহিক হামলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা বন্ধ করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দলটির কর্মীরা দেশের অভ্যন্তরে সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাঁর দাবি, ভারতের ভূখণ্ড থেকেও এসব তৎপরতা পরিচালিত হচ্ছে। এ ধরনের আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। তাঁর বক্তব্য, আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি দলটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো স্বীকার করতে হবে। একই সঙ্গে দলটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান তিনি।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রাণহানির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের উল্লেখ করেন। তাঁর দাবি, ওই প্রতিবেদনে ২০২৪ সালের আগস্টে সরকার পতনের মধ্য দিয়ে শেষ হওয়া গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা সর্বোচ্চ ১ হাজার ৪০০ বলে উল্লেখ করা হয়েছে।









