Logo

আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৬, ১৭:১২
আওয়ামী লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে সেদ্ধ ডিম, পানি ও কফি খাওয়ানোর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে পল্টন এলাকা থেকে জাভেদ দিদার নামের ওই ব্যক্তিকে আটক করেন নয়ন ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার একটি ভিডিও মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন রবিউল ইসলাম নয়ন। ভিডিওর বর্ণনায় তিনি দাবি করেন, নাশকতার পরিকল্পনার সময় পল্টন থেকে লালবাগের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাঁকে ডিম, পানি ও কফি খাইয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পাঁচ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতে নেতা-কর্মীদের নিয়ে জাভেদ দিদারকে আটক করার পর তাঁর পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান নয়ন। কথোপকথনের একপর্যায়ে জাভেদ নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন।

এরপর আটক ব্যক্তিকে উদ্দেশ করে নয়ন বলেন, তিনি একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁকে আটকের পর ডিম খাওয়ানো হচ্ছে। এ সময় পাশে থাকা একজন একটি সেদ্ধ ডিম এগিয়ে দেন। প্রথমে জাভেদ দিদার ডিম খেতে রাজি না হলেও পরে নয়নের কথায় সম্মতি জানান।

ভিডিওতে নয়নকে বলতে শোনা যায়, ‘আপনিও খান, আমিও খাই।’ এরপর তিনি নিজে একটি ডিম খাওয়ার পাশাপাশি জাভেদকেও ডিম খেতে দেন। এভাবে তাঁকে দুটি সেদ্ধ ডিম খাওয়ানো হয়। পরে সঙ্গে থাকা একজনকে পানির বোতল আনতে বলেন তিনি।

ডিম খাওয়ানোর পর জাভেদ দিদারকে সঙ্গে নিয়ে হেঁটে এগিয়ে যান যুবদল নেতা নয়ন। এ সময় তাঁর বিরুদ্ধে শেখ হাসিনার আগমন উপলক্ষে গুলিস্তানের আশপাশে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ তোলেন তিনি।

নয়নকে বলতে শোনা যায়, ‘তিনি শেখ হাসিনার আগমন উপলক্ষে গুলিস্তানের আশপাশে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাই মামাকে নিয়ে আসলাম। যাতে উনার শক্তি হয়, এ জন্য দুইটা ডিম খাওয়াইছি। পানির বোতল দিছি। সসম্মানে মামাকে নিয়ে যাচ্ছি।’

এ সময় নয়নের সঙ্গে থাকা নেতা-কর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দেন। ভিডিওতে যুবদল নেতা আরও বলেন, ‘ইনশাআল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের ভেতর যে লোকটাই স্বৈরাচারের দোসর হিসেবে নাশকতার পরিকল্পনা করবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না।’

এরপর নেতা-কর্মীদের ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’ স্লোগান দিতে দেখা যায়।

ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, কিছুক্ষণ পর জাভেদ দিদারকে একটি কফিশপে নিয়ে যান নয়ন। সেখানে তাঁকে চেয়ারে বসিয়ে কফি পরিবেশন করা হয়। একপর্যায়ে নিজ হাতে তাঁকে কফি পান করিয়ে দেন যুবদল নেতা।

এ সময় আওয়ামী লীগের শাসনামলে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের পর তাঁদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের আচরণের প্রসঙ্গ তোলেন নয়ন। কথোপকথনে তাঁকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের শাসনামলে তিনি একটানা ৭৭ দিন রিমান্ডে ছিলেন।

ভিডিওর শেষদিকে আটক জাভেদ দিদারকে ভয় না পাওয়ার আশ্বাস দেন নয়ন। পরে পুলিশ সদস্যরা কফিশপে পৌঁছালে তাঁদের কাছে জাভেদের মুঠোফোন বুঝিয়ে দেন তিনি। এরপর ওই ব্যক্তিকে কফিশপ থেকে বের করে পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়। পুলিশ সদস্যরা তাঁকে নিয়ে যান।

ঘটনার বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটক জাভেদ দিদারকে থানায় নেওয়া হয়েছে। তাঁর পরিচয় ও সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD