বাংলাদেশে হামলা হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশের ওপর কোনো ধরনের আঘাত এলে ভারতও নিরাপদ থাকবে না।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।
বিবৃতিতে নেতারা বলেন, পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের প্রকাশ্য হুমকি দিয়েছেন। তাঁর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে হেফাজতে ইসলাম। ভারতের পুতুল হিসেবে পরিচিত পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনতাকামী ছাত্র-জনতাকে দমাতে পারেননি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া কিছু নয়।
হেফাজত নেতাদের দাবি, জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়তে বাধ্য করায় ভারতের দিল্লির সাউথ ব্লক উদ্বিগ্ন। এ কারণে পশ্চিমবঙ্গের নেতাদের দিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ এসব হুমকিতে বিচলিত নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
তাঁরা আরও বলেন, বর্তমান বাংলাদেশ আর ফ্যাসিস্ট আওয়ামী লীগ কিংবা শেখ পরিবারের নিয়ন্ত্রণাধীন দেশ নয়। রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এসেছে। ভারতের উচিত নতুন পরিস্থিতি উপলব্ধি করা। তাঁদের অভিযোগ, ১৭ বছর শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে রেখে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করেছে ভারত।
বিবৃতিতে বিএনপি নেতা ইলিয়াস আলী, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ, পিলখানায় নিহত ৫৭ সেনা কর্মকর্তা এবং শহীদ ওসমান হাদির প্রসঙ্গও তুলে ধরেন হেফাজত নেতারা। তাঁদের দাবি, ভারতের আগ্রাসী আচরণের বিরোধিতা করার কারণেই এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার দায় ভারতকে একদিন নিতে হবে বলেও মন্তব্য করেন তাঁরা।
ভারতের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে হেফাজত নেতারা বলেন, দেশটি বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তাঁদের মতে, ২০২৪ সালে নতুন করে আত্মপ্রকাশ করা বাংলাদেশকে আর আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও প্রচারণা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
বিবৃতির শেষাংশে হেফাজত নেতারা আরও কঠোর অবস্থানের কথা জানান। তাঁরা বলেন, কোনো অজুহাতে বাংলাদেশের ওপর আঘাত এলে তার পাল্টা প্রতিক্রিয়া সেভেন সিস্টার্স পেরিয়ে দিল্লির মসনদ পর্যন্ত পৌঁছাতে পারে।
তাঁদের ভাষ্য, জুলাই বিপ্লবের ছাত্র-জনতা মৃত্যুর পরোয়া না করে স্বাধীনতা রক্ষার দৃঢ়তা দেখিয়েছে। একই সঙ্গে সামরিকভাবে শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোও বাংলাদেশের সংকটে ভ্রাতৃত্বের বন্ধনে পাশে দাঁড়াবে বলে তাঁরা বিশ্বাস করেন।
উল্লেখ্য, পুরো বিবৃতিতে ভারতের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার বক্তব্যগুলো হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের নিজস্ব দাবি ও অবস্থান।








