পার্বত্য চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার দায় বিগত সরকারের: পার্বত্য বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার দায় বিগত আওয়ামী লীগ সরকারের বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি এমপি। তিনি বলেছেন, ১৯৯৭ সালে চুক্তি স্বাক্ষরের পর দীর্ঘ সময় চুক্তি সম্পাদনকারী সরকারই ক্ষমতায় ছিল। এরপরও চুক্তির অসমাপ্ত বিষয়গুলো বাস্তবায়িত না হওয়ার কারণ নিয়ে প্রশ্ন রয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মতপার্থক্য থাকলেও পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির প্রায় ৭০ থেকে ৭৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। বাকি বিষয়গুলোও বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়। তাঁর মতে, শান্তিচুক্তি একটি চলমান প্রক্রিয়া। তাই চুক্তির অসম্পূর্ণ বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
পার্বত্য অঞ্চলের পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরে সাচিং প্রু জেরি বলেন, এ খাতের উন্নয়নে একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। পরিকল্পনায় পাহাড়ের পর্যটন আকর্ষণের সঙ্গে সাগরকেন্দ্রিক পর্যটন সম্ভাবনাকেও যুক্ত করা হবে। এর মাধ্যমে পর্যটকেরা ভ্রমণে এসে পার্বত্য চট্টগ্রামসহ আশপাশের জেলাগুলোতে চার থেকে পাঁচ দিন অবস্থান করতে পারবেন, এমন পর্যটনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পাহাড়ের পানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ সমস্যা মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর প্রথাগত জ্ঞানকে কাজে লাগিয়ে বনাঞ্চল সৃষ্টি করতে হবে। পাশাপাশি পাথর উত্তোলন বন্ধের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, পানি না থাকলে আমাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। তাই পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও পানির উৎস সংরক্ষণ অত্যন্ত জরুরি।
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ অভিযোগ করেন, বিগত সরকারের আমল থেকে পার্বত্য এলাকায় খাদ্যশস্যের বরাদ্দ কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে। জেলা পরিষদ ও উপজেলা পরিষদ থাকার পরও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অদৃশ্য প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে বলে তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপপরিচালক রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী উর্মি চাকমা এবং পিডিবির নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার।
এ ছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, সেনাবাহিনী ও বিজিবির প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।








