Logo

ভোট নিয়ে দ্বিধাকারীরা দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৪৮
ভোট নিয়ে দ্বিধাকারীরা দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ভোট ও নির্বাচন নিয়ে যারা সংশয় প্রকাশ করছে, তাদের অনেকেই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচন নিয়ে সমালোচনা করা ব্যক্তিদের সাহস থাকলে দেশে ফিরে এসে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া কলেজ কেন্দ্রে আয়োজিত প্রতীকী মক ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নির্বাচনের দিন যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা সহিংস পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কতটা কার্যকর—তা যাচাই করতেই এই নিরাপত্তা মহড়ার আয়োজন করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোট নিয়ে যারা দ্বিধায় আছে, তারা নিজেরাই দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাইরে বসে তারা নানা বক্তব্য দিচ্ছে। যদি তাদের সত্যিই সাহস থাকে, তাহলে দেশে ফিরে এসে আইনের আশ্রয় নিক।

তিনি আরও আশ্বস্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের প্রতিটি নাগরিক নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

বিজ্ঞাপন

ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আজকের এই মহড়া সেই প্রস্তুতির বাস্তব প্রতিফলন।

মহড়ায় ভোটকেন্দ্রের অভ্যন্তরে পোলিং এজেন্ট, প্রিজাইডিং কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের চূড়ান্ত প্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রম প্রদর্শন করা হয়। প্রকৃত ভোটের দিন কীভাবে ভোটকেন্দ্রের ভেতরে দায়িত্ব পালন করতে হবে, তা বাস্তব অনুশীলনের মাধ্যমে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাসহ উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা ভোটকেন্দ্র পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

মহড়ায় ঢাকা জেলার পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD