গুপ্ত পরিচয়ে দেশে নতুন জালিম আবির্ভূত হয়েছে: তারেক রহমান

বাংলাদেশে গুপ্ত পরিচয়ের আড়ালে একটি নতুন জালিম আবির্ভূত হয়েছে —এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণ ইতোমধ্যেই একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ের দল হিসেবে চিহ্নিত করেছে, যারা এখন নতুন রূপে জুলুমের প্রতীক হয়ে উঠছে।
বিজ্ঞাপন
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। জনসভায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের আগেই নানা অনিয়ম ও প্রতারণায় লিপ্ত হয়েছে। জাল ব্যালট পেপার ছাপানো হচ্ছে, আবার সাধারণ নারী ও মা-বোনদের কাছ থেকে মোবাইল আর্থিক সেবার নম্বর সংগ্রহ করা হচ্ছে। যারা ভোটের আগেই জনগণের সঙ্গে প্রতারণা করে, তারা কীভাবে সৎ ও ন্যায়ভিত্তিক শাসন কায়েম করবে?
বিজ্ঞাপন
তারেক রহমান আরও বলেন, দেশের ভবিষ্যৎ পরিচালিত হবে জনগণের রায়ের ভিত্তিতেই।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনের পরবর্তী পাঁচ বছর জনগণের ওপর ভরসা রেখেই রাজনীতি করতে হবে। আমি নেতাদের বলব—১৩ তারিখের পর থেকে টানা পাঁচ বছর জনগণের কাছেই মাথা নত করে থাকতে হবে।
বিজ্ঞাপন
জনগণের শক্তির কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, জনসমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তিই টিকে থাকতে পারে না। জনগণ পাশে না থাকলে কী পরিণতি হয়, সেটি ৫ আগস্ট দেখা গিয়েছিল।
তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে—আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিনি জনগণের ভোটাধিকার, স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক রাজনীতির প্রশ্নে কঠোর অবস্থান নিতে চান। তারেক রহমানের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।








