Logo

আজ বিকেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৩
আজ বিকেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, গত শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের নিয়মিত সাংগঠনিক বৈঠকে ইশতেহার ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ইশতেহার ঘোষণার বিষয়টি নিশ্চিত করে দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, এবারের ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে জনমানুষের প্রত্যাশাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যমান পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তে নতুন এক কাঠামো প্রতিষ্ঠার আহ্বান জানানো হবে, যেখানে নয়া বন্দোবস্ত হিসেবে শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইশতেহারের মূল প্রতিপাদ্য হিসেবে ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ ধারণাকে গ্রহণ করা হয়েছে। এর আওতায় শরিয়াহর প্রাধান্য, জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন নিশ্চিতকরণ, নাগরিক অধিকার ও জনসেবার মানোন্নয়নকে বিশেষভাবে তুলে ধরা হবে।

অর্থনৈতিক দিক থেকেও ইশতেহারে গুরুত্বপূর্ণ কিছু অঙ্গীকার থাকছে বলে জানান তিনি। এর মধ্যে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সহযোগিতা ও সম্মানভিত্তিক পররাষ্ট্রনীতির বিষয়গুলো উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নিজেই ইশতেহার উপস্থাপন করবেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

দলীয় নেতাদের মতে, এই ইশতেহারের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বিকল্প রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রব্যবস্থার রূপরেখা জনগণের সামনে তুলে ধরবে, যা আসন্ন নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD