Logo

দুই দশক পর বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩২
দুই দশক পর বরিশালের মাটিতে পা রাখলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে বরিশালে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার এই সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৫ মিনিটে হেলিকপ্টারে করে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন তিনি। প্রায় বিশ বছর পর এটিই তার প্রথম বরিশাল সফর, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে দেয়।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নগরীর বেলস পার্ক ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। বরিশাল বিভাগের ছয় জেলার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। স্থানীয় নেতাদের ভাষ্য, দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি।

বিজ্ঞাপন

এর আগে সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। এবার দলের শীর্ষ নেতৃত্বের আসনে থেকে বরিশালে আসায় দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করছেন দলীয় নেতারা।

হেলিকপ্টার থেকে নামার পরপরই তাকে স্বাগত জানান বরিশাল বিভাগ ও জেলার শীর্ষস্থানীয় বিএনপি নেতারা। তার সফরকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। স্টেডিয়াম মাঠসহ আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

বিজ্ঞাপন

বরিশাল মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা জানান, প্রায় দুই দশক পর সরাসরি দলীয় প্রধানকে সামনে থেকে দেখতে পারা তাদের জন্য আবেগঘন ও অনুপ্রেরণার বিষয়। তাদের মতে, এই জনসমাবেশ শুধু একটি রাজনৈতিক আয়োজন নয়, বরং বিএনপির শক্তি, ঐতিহ্য এবং পুনরুজ্জীবনের প্রতিচ্ছবি।

বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের সমন্বয়ে এটিকে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ নির্বাচনী সমাবেশে রূপ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকদের হিসেবে, প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতি ধরে পরিকল্পনা সাজানো হয়েছে, যা বাস্তবায়নে প্রশাসনের সঙ্গেও সমন্বয় চলছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD