সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টে ষড়যন্ত্র করছে একটি চক্র: রিজভী

দেশে ও বিদেশে অবস্থান করে একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব অপচেষ্টা মোকাবিলা এবং আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে সরকার নিরাপত্তাব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি দলের পক্ষ থেকে জাতীয় কমিটি গঠন করে পূজা উদ্যাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নেতাকর্মীদের মণ্ডপ কমিটির সঙ্গে সমন্বয়, পাহারার ব্যবস্থা এবং ধর্মীয় পরিবেশ ও ভাবগাম্ভীর্য বজায় রাখতে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে রিজভী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘একজন মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে তার শিক্ষা অর্জনের বিকল্প নেই। যদি সে ন্যূনতম শিক্ষা অর্জন করতে না পারে, তাহলে বঞ্চনার শিকার হতে হয়, প্রতারণার শিকার হতে হয়। সর্বজনীন শিক্ষা মানুষের জন্মগত অধিকার। আর এর প্রসারের জন্য যিনি কাজ করেন, তিনি অত্যন্ত মহতী ব্যক্তি বলে আমি মনে করি।’
বিজ্ঞাপন
বিদ্যালয়ের বিস্তৃত মাঠ ও অবকাঠামোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই স্কুলে এসে, বিস্তৃত মাঠ দেখে আমার সেটাই মনে হয়েছে। আমি তাকে সম্মান জানাই, যারা নিজেদের পেশাগত জীবনে অবদান রেখেছেন, কিন্তু নিজের এলাকাকে ভুলে যাননি। এলাকায় উন্নয়নে পাশে ছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম পোখরাজ।’
নবাবগঞ্জের স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, ‘এ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বাস বেশি। এখানে খন্দকার আবু আশফাক আপনাদের এমপি। এর আগেও তিনি কয়েকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এখানকার হিন্দু, মুসলমান ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অত্যন্ত প্রিয় তিনি। আমি অনেকবার এ এলাকায় এসেছি। প্রতিটি মানুষ তার দ্বারা উপকৃত হয়। এখানকার মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সঙ্গে তিনি নিজেকে সম্পৃক্ত করেন। আমি এ কারণে মনে করি, আসন্ন দুর্গাপূজা অত্যন্ত নিরাপদ ও নিরাপত্তাময় করার জন্য তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের উদ্দেশে রিজভী বলেন, ‘জীবনকে অর্থবহ করতে শিক্ষা গ্রহণ অপরিহার্য। তেমনি খেলাধুলা, শরীরচর্চা শরীর গঠনে সহায়ক। সুতরাং সুস্থ জীবনের বিকাশ ঘটাতে নিজেকে সুস্থ বিনোদন ধারায় সম্পৃক্ত রাখতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার আবু হাসান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান। এ ছাড়া বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বিজ্ঞাপন
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাধেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, আবু শফিক খন্দকার মাসুদ এবং নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফসহ স্থানীয় নেতারা।








