Logo

আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ রিজভীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ১৫:৪৩
আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ রিজভীর
ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় তিনি প্রয়াত এই রাজনীতিকের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আব্দুল হাই বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য ও সরকারের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শোকবার্তায় রুহুল কবির রিজভী বলেন, আব্দুল হাই ১৯৭৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি ছিল। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী আব্দুল হাই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করেছেন।

রিজভী আরও বলেন, জনসেবার মহান লক্ষ্য সামনে নিয়ে রাজনীতি করতেন আব্দুল হাই। সংসদ সদস্য ও সরকারের মন্ত্রী হিসেবে তিনি নিজ এলাকাসহ সারাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রেখেছেন। তিনি ছিলেন একাধারে প্রাজ্ঞ ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদ। সজ্জন ও বিনয়ী মানুষ হিসেবেও সর্বমহলে তাঁর অকৃত্রিম গ্রহণযোগ্যতা ছিল।

বিজ্ঞাপন

শোকবার্তায় বিএনপির এই নেতা উল্লেখ করেন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে ধারণ করে মানুষের বাক্‌স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের পক্ষে আব্দুল হাইয়ের সংগ্রাম ছিল অবিস্মরণীয়। এমন একজন আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে তিনি গভীরভাবে ব্যথিত হয়েছেন বলেও জানান।

রিজভী প্রয়াত আব্দুল হাইয়ের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, আব্দুল হাইয়ের মৃত্যুতে পৃথক শোকবার্তা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

তাঁরাও প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদ সদস্য, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল হাইয়ের মৃত্যুতে দলটির নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। তাঁর রাজনৈতিক সহকর্মীরা শোকবার্তায় জনসেবা, গণতন্ত্র ও রাজনৈতিক আদর্শের প্রতি তাঁর অঙ্গীকারের কথা তুলে ধরেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD