Logo

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা সালাহউদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ২১:২৮
বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদকে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। দাফন শেষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় সালাহউদ্দিন আহমেদের ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত সবার কাছে তার বাবার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন।

এর আগে বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রথম জানাজা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। জানাজায় উপস্থিত নেতাকর্মীরা সাবেক এই সংসদ সদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ এলাকা রাজধানীর শ্যামপুরের লাল মসজিদে। সেখানে বিকেল ৩টায় সালাহউদ্দিন আহমেদের তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল সাড়ে ৪টায় জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা শোক প্রকাশ করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD