শত নির্যাতনেও আদর্শ থেকে সরেননি সালাহউদ্দিন আহমেদ: রিজভী

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যু অত্যাচার ও নিপীড়নের ফল বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শত নির্যাতনের মুখেও সালাহউদ্দিন আহমেদ নিজের আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হননি।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবরের আন্দোলনের সময় সালাহউদ্দিন আহমেদকে অত্যন্ত নিষ্ঠুর ও নির্মমভাবে গ্রেফতার করে নির্যাতন চালানো হয়। কারাগারে বারবার অসুস্থ হয়ে পড়লেও তাঁকে জামিন দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রিজভী আরও বলেন, দেশে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তা বেশিদিন উপভোগ করতে পারেননি সালাহউদ্দিন আহমেদ। তবে রাজনৈতিক জীবনে একাগ্রতা, দলের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং দলীয় কর্মসূচির প্রতি আনুগত্যের দৃষ্টান্ত রেখে গেছেন তিনি। অনেক জাতীয় নেতা বিভিন্ন সময়ে নিজেদের আদর্শ ও অবস্থান থেকে সরে গেলেও সালাহউদ্দিন আহমেদ শত নির্যাতনের পরও তাঁর নীতি ও আদর্শে অটল ছিলেন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, সাহস, ত্যাগ ও দিকনির্দেশনার মাধ্যমে সালাহউদ্দিন আহমেদ ঢাকা মহানগর বিএনপিকে শক্তিশালী করেছেন। শারীরিকভাবে তিনি না থাকলেও ঢাকা মহানগর বিএনপির প্রতিটি কার্যক্রম, মিছিল, লড়াই ও সংগ্রামে সাহসের বাতিঘর হয়ে বেঁচে থাকবেন। দলীয় স্লোগান ও মিছিলে তাঁকে আজীবন স্মরণ করা হবে।
বিজ্ঞাপন
এদিকে, জানাজায় বাবার কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে তাঁর পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন সালাহউদ্দিন আহমেদের ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
এর আগে বুধবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নয়াপল্টনে দ্বিতীয় জানাজায় অংশ নেন রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, আব্দুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ ও হাবিব উন নবী খান সোহেল। এ ছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সহস্রাধিক মানুষ জানাজায় উপস্থিত ছিলেন।
বিএনপি ও পারিবারিক সূত্র জানায়, বুধবার বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে সালাহউদ্দিন আহমেদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। পরে জুরাইন গোরস্তানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করার কথা রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুর আগপর্যন্ত তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।








