Logo

তরুণদের ভূমিকার কারণেই দেশ ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ২০:২৮
তরুণদের ভূমিকার কারণেই দেশ ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
ছবি: সংগৃহীত

তরুণদের সাহসী ভূমিকার কারণেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার শাসনামলে ভয়াবহ দুঃশাসনের মধ্যেও তরুণেরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে চিন্তা করেছেন এবং সাহসের সঙ্গে নিজেদের মতামত তুলে ধরেছেন। তাঁদের এই প্রচেষ্টা প্রশংসার দাবিদার।

তিনি বলেন, দীর্ঘদিনের দুঃশাসনের পর ছাত্র-জনতার উত্থান ঘটে। এরপর প্রায় দেড় বছরের মাথায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার ক্ষমতায় এসেছে। তবে নতুন সরকারকে উত্তরাধিকারসূত্রে ব্যাংক লুটপাট, অর্থ পাচার, আর্থিক খাতের চরম অব্যবস্থাপনা ও অনিয়মের মতো নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে দেশের ব্যাংক, বীমা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, সে সময় ক্ষমতাসীনদের ইচ্ছাই ছিল শেষ কথা। সরকারি প্লট, কৃষিজমি এমনকি সাধারণ মানুষের গবাদিপশুও প্রভাবশালীদের পছন্দ অনুযায়ী দখল করা হতো। দেশ তখন ভয়াবহ অন্ধকারের মধ্যে ছিল বলেও মন্তব্য করেন তিনি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা বর্তমান সরকারের ওপর পড়েছে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ ও শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে অর্থ লুটপাট করেছেন।

তিনি দাবি করেন, এসব অনিয়ম ও অব্যবস্থাপনার দায় বর্তমান বিএনপি সরকারের নয়। বরং অতীতের লুটপাটনির্ভর অর্থনীতি থেকে দেশকে পুনর্গঠনের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

সূত্র: বাসস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD