Logo

যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তার ঘটনায় হাসিনাকে দায়ী করলেন ডা. শফিকুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ১৮:৪১
যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তার ঘটনায় হাসিনাকে দায়ী করলেন ডা. শফিকুর রহমান
ছবি : জনবাণী গ্রাফিক্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার জন্য শেখ হাসিনাকে দায়ী করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কে পৌঁছানোর পর বিমানবন্দরে কয়েকজন প্রবাসী বাংলাদেশির তোপের মুখে পড়েন ড. ইউনূস। এ ঘটনার নিন্দা জানিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন শফিকুর রহমান।

স্ট্যাটাসে তিনি আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে লেখেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিয়ে যাচ্ছে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শফিকুর রহমান আরও লেখেন, সরকারের উচিত এ বিষয়ে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়া। দেশ থেকে পালিয়ে গিয়েও তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তা বিশ্ববাসীর সামনে তুলে ধরছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনাল দিয়ে হুইলচেয়ারে করে বের হওয়ার সময় ড. ইউনূসকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন কয়েকজন বাংলাদেশি প্রবাসী। এ সময় তারা ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয়ড ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজ্যান্ডস অব পুলিশ’ বলে স্লোগান দেন।

পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাকর্মীরা দ্রুত ড. ইউনূসকে সেখান থেকে সরিয়ে নেন। পরে তিনি ও তাঁর সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ বিমানবন্দরের ভেতরে চলে যান বলে জানা গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD