বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তির উত্থান সফল হবে না: আমানউল্লাহ আমান

অতীতে যেভাবে স্বৈরাচারী শক্তি বাংলাদেশে টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট শক্তি সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমানউল্লাহ আমান।
বিজ্ঞাপন
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আমানউল্লাহ আমান বলেন, অতীতের মতো ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্রসমাজের আপসহীন নেতৃত্বের মুখে শাসকেরা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক করে বিএনপির এই নেতা বলেন, ২০২৪ সালের পরাজিত শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে কৃত্রিমভাবে আন্দোলন শুরু করার চেষ্টা করছে। তবে জনগণ এ ধরনের আন্দোলন গ্রহণ করবে না বলে তিনি মন্তব্য করেন।
বিজ্ঞাপন
তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে আমানউল্লাহ আমান বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। সেই আস্থার প্রতিফলন ঘটাতে তিনি গ্রাম-গঞ্জে, মাঠে-ঘাটে, পথে-প্রান্তরে ঘুরে মানুষের জন্য কাজ করছেন এবং সেবা দিচ্ছেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘হুংকার দিচ্ছে ২৪-এর পরাজিত শক্তিরা আসবেন, কোথায় আসবেন? ইতিহাস বলে, শুধু বাংলাদেশ নয়, কোনো পলাতক ফ্যাসিস্ট একবার দেশ ছেড়ে পালিয়ে গেলে সে কোনো দিন সেই দেশে আর ফিরে আসতে পারে না।’
আলোচনা সভায় শারদীয় দুর্গোৎসব নিয়েও বক্তব্য দেন আমানউল্লাহ আমান। তিনি বলেন, মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ। একইভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, যা আগামী পরশু থেকে শুরু হওয়ার কথা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি জানান, প্রধানমন্ত্রী বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের প্রতি হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। যাতে সবাই সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার কথাও বলেন তিনি।
বিজ্ঞাপন
বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।








