Logo

বিটিভিতে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:৩৬
বিটিভিতে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী ভাষণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) তাকে রাষ্ট্রায়ত্ত এই টেলিভিশনে ভাষণ দেওয়ার সুযোগ দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিভির মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

চিঠিতে উল্লেখ করা হয়, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য একটি সমান ও ন্যায্য নির্বাচনী পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে রাষ্ট্রীয় গণমাধ্যমে সব রাজনৈতিক দলের জন্য সমান প্রচার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানায়, দলীয় প্রধানদের নির্বাচনী প্রচারের জন্য বিটিভিতে নির্দিষ্ট সময় বরাদ্দ দেওয়া হবে। এই প্রক্রিয়ায় জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ৬-এর উপবিধি (গ) অনুসরণ করা হবে। লিখিত আবেদন পাওয়ার ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোর জন্য স্লট নির্ধারণ করবে বিটিভি এবং প্রতিটি দলের প্রধানের জন্য প্রচারের সময় ও মেয়াদ ঠিক করা হবে। রেকর্ডিংয়ের দিন ও সময় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে বলেও জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বিটিভিতে প্রচারণার সুযোগ পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোর আবেদন অনুযায়ী বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া হবে। তবে বিএনপি ছাড়া অন্য কোনো দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আবেদন না পাওয়ায়, বিএনপির অনুরোধ অনুযায়ী দলীয় প্রধান তারেক রহমানকে আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে ভাষণ দেওয়ার সুযোগ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রার্থীরা ভোটের আগের দিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD