Logo

‘জনতার ইশতেহার’ প্রকাশ করল জামায়াতে ইসলামী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৭
‘জনতার ইশতেহার’ প্রকাশ করল জামায়াতে ইসলামী
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’, যেখানে রাষ্ট্র পরিচালনার জন্য ২৬টি অগ্রাধিকার ও ভবিষ্যৎ বাংলাদেশের একটি বিস্তৃত রূপরেখা তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর রাজধানীর বনানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে একটি ভিজ্যুয়াল উপস্থাপনা দেখানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ইশতেহারে একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা জানানো হয়। গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাকে দলটির রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

দলের পক্ষ থেকে জানানো হয়, ইশতেহারের প্রথম অংশে শাসনব্যবস্থার মৌলিক সংস্কার, রাজনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন, কার্যকর জাতীয় সংসদ, নির্বাচনব্যবস্থার সংস্কার, জবাবদিহিতামূলক প্রশাসন, দুর্নীতিমুক্ত সমাজ এবং আইন ও বিচারব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

দ্বিতীয় ও তৃতীয় অংশে আত্মনির্ভরশীল পররাষ্ট্রনীতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের পুনর্গঠন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথা তুলে ধরা হয়। পাশাপাশি শিল্প, বাণিজ্য, শ্রম ও প্রবাসী কল্যাণ খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

ইশতেহারে কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার রয়েছে। অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি নির্ভর অগ্রগতি এবং যুবসমাজের নেতৃত্বে প্রযুক্তিগত রূপান্তরের রূপরেখাও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তা, সমাজকল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনের বিষয়টিও ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামী দাবি করেছে, এই ‘জনতার ইশতেহার’ প্রণয়নে ডিজিটাল ও অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি মানুষের মতামত প্রতিফলিত হয়েছে। জনগণের প্রত্যাশা ও ভবিষ্যৎ বাংলাদেশের বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়েই ইশতেহারটি তৈরি করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক, বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কী আছে ইশতেহারে, বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD