বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি আবদুর রশিদ জিতু শুক্রবার বিএনপিতে যোগ দিয়েছেন। ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে জিতু আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।
বিজ্ঞাপন
এ সময় জিতু জানান, “একটি সুন্দর বাংলাদেশ গঠনে আমি এখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করব।”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, “জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ ছাত্রদল ও বিএনপিতে যোগ দিয়েছেন। আমরা তাদের স্বাগত জানাই।”
বিজ্ঞাপন
জিতুর পাশাপাশি জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা বিএনপির অঙ্গ-সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। এদের মধ্যে রয়েছে শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান, জিএস মাসুদ রানা মিন্টু, আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল, নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আফম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।
আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জুলাই আন্দোলন থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে জাবি ক্যাম্পাসে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।








