Logo

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
শরীয়তপুর
২৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৪
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ ও ভাঙচুরের পাশাপাশি বিএনপির সমাবেশস্থলে রাখা প্রায় ২০টি মোটরসাইকেল, একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

রবিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার বিকেনগর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ ও অবরোধের কারণে প্রায় দেড় ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বিপুলসংখ্যক মানুষকে দেশীয় অস্ত্র হাতে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। এ সময় ধারাবাহিক ককটেল বিস্ফোরণে আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। সেখানে আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সরে যান বলে সূত্র জানিয়েছে।

পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। এ সময় সেখানে রাখা বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট এবং পাশের একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও টোল প্লাজায় হামলা কিংবা ভাঙচুর না করার নির্দেশ দিতে দেখা গেছে।

এদিকে এক্সপ্রেসওয়ে অবরোধের ফলে ঢাকা ও ভাঙামুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি। এতে যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়।

ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, “আমরা খবর পেয়েছিলাম কেউ পদ্মা সেতুতে যানচলাচলে বিঘ্ন ঘটাতে পারে। তার প্রেক্ষিতে আমরা সারারাত ডিউটিতে ছিলাম। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি। পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যানচলাচল বন্ধ ছিল, তবে এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি।”

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD