সবর -মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা

‘সবর-মবর (অপেক্ষা) এখন বাদ। না না, কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব। মাইর খাওয়ার মধ্যিই নেই, মাইর খাওয়ার মধ্যিই নেই। একটা মারবে, দুইটা মারবো, সেই ব্যবস্থা...।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন বক্তব্য দিতে শোনা গেছে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজাকে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ নভেম্বর) রাত নয়টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ডও শেয়ার করেন তিনি। নিজের হাস্যোজ্জ্বল ছবি সংবলিত ওই ফটোকার্ডে লেখা ছিল, ‘একটা মারলে দুইটা মারবো! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।—মুফতি আমির হামজা।’
তবে পরে নিজের পেজ থেকে ফটোকার্ডটি সরিয়ে নেন আমির হামজা। রাত সাড়ে ১০টার পর সেটি সরানোর আগে ফটোকার্ডটিতে ২১ হাজার ৮০০টি প্রতিক্রিয়া, ১ হাজার ৯০০টি মন্তব্য এবং ৪৮৩টি শেয়ার পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শাজাহান আলী ও আমির হামজার অভিযোগ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন।
গত বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান আমির হামজাসহ দলীয় নেতারা। এ সময় আহতদের সঙ্গে কথা বলার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতেই তাঁকে বলতে শোনা যায়, ‘সবর-মবর এখন আর নেই, কোনো সবর নেই। সবর মবর এখন বাদ। না না কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব। মাইর খাওয়ার মধ্যিই নেই।’
এ সময় পাশে থাকা একজনকে বলতে শোনা যায়, ‘সেই কথা তো আমরাও বলি।’ এরপর আমির হামজা বলেন, ‘মাইর খাওয়ার মধ্যিই নেই। একটা মারবে, দুইটা মারবো, সেই ব্যবস্থা ক...।’
এ বিষয়ে বক্তব্য জানতে আমির হামজার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকের মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।








