Logo

প্রধানমন্ত্রীকে সব বলে দিব: আমির হামজা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২৭ নভেম্বর, ২০২৬, ১২:৩১
প্রধানমন্ত্রীকে সব বলে দিব: আমির হামজা
ছবি: সংগৃহীত

আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে এলে জেলার সাম্প্রতিক সহিংসতা ও হামলার ঘটনাগুলো সরাসরি তাঁর কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। এ সময় সংশ্লিষ্ট বিএনপি নেতাদের নাম উল্লেখ করে অভিযোগ জানানোর কথাও বলেছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমির হামজা। বুধবার (২৫ নভেম্বর) রাতে শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক ও ভুক্তভোগী শাজাহান আলী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, ‘আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। ওই দিন প্রধানমন্ত্রীকে সব বলে দিব। হঠাৎ করে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, অবশ্যই তাদের খোঁজখবর নেব। এবং উনি (প্রধানমন্ত্রী) আসলে আমি যাব, ওনার সামনে ওনাদের (বিএনপি নেতাদের) নাম ধরে বলব, এই কাজগুলো এরা ঘটিয়েছে।’

ঘটনার বিবরণ দিতে গিয়ে শাজাহান আলী অভিযোগ করেন, বালুবোঝাই ডাম্পট্রাক চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ করায় বিএনপির নেতা-কর্মীরা তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করেন। তাঁর দাবি, এ ঘটনায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরাও হামলাকারীদের সঙ্গে ছিলেন। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বালুঘাটে অর্থ লেনদেন ও চাঁদাবাজির অভিযোগ নিয়েও বক্তব্য দেন আমির হামজা। তিনি বলেন, ‘একটা ভিডিওতে শুনলাম, শাজাহান আলী আগে ৩০ হাজার বলত, এরপরে ৫০ হাজার, এখন প্রতিদিন ১ লাখ করে নেয় (বালুঘাটে চাঁদাবাজি)।’

জামায়াতের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী বাংলাদেশে আদর্শ নিয়ে রাজনীতি করে। আমি ওপেন বলছি, এই কুষ্টিয়া না, সারা বাংলাদেশে জামায়াতে ইসলামীর মতো রাজনীতি আপনারা করেন, দেখেন জনগণ আপনাদের কাছেই যাবে। জামায়াত মিথ্যা মামলা বাণিজ্য করে না, এরা চাঁদাবাজি করে না, এরা মানুষকে ঠকায় না। আন্দাজে এত দিন এই ন্যারেটিভ তৈরি করে এদেরকে কালার করার চেষ্টা করেছে, এখনো করার চেষ্টায় আছে, কিন্তু পারছে না।’

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তাঁর ভাষ্য, শুধু কুষ্টিয়া নয়, দেশের কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় নেই। গত ৫৫ বছরের মধ্যে পরিস্থিতি সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে বলেও দাবি করেন তিনি।

আমির হামজা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু কুষ্টিয়ায় নয়, দেশের কোনো জায়গায় ঠিক নেই। গত ৫৫ বছরের ভেতরে তলানিতে চলে গেছে। প্রশাসনের হাতে যেন কিছুই নেই, তারা পুতুল হয়ে বসে আছে। কুষ্টিয়ার ডিসি ও এসপি সব ব্যর্থ। এককথায়, বাংলা কথায়, এরা সব ব্যর্থ। এদের কোনো কাজ নেই। জনগণের করের টাকায় তাদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার দরকার নেই। এদেরকে জেলা থেকে নিয়ে যাক। দুই তারিখে প্রধানমন্ত্রী আসছেন, তাকে সব বলব।’

এদিকে কুষ্টিয়া কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসব ঘটনার কারণে জেলার মানুষের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে আমির হামজা বলেন, ‘কুষ্টিয়ার কোনো জায়গা নিরাপদ না। দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মানুষের জন্য আমি কাজ করতে গেছি, আমার কোনো লাভ আছে? আমি তো আর চার আনা ওই জায়গা থেকে খাই না। আন্দাজে একটা দোষ চাপিয়ে দিচ্ছে। এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি চলতেই থাকে, মানুষের বাড়িঘর, জানমাল, ইজ্জত কোনো কিছুর হেফাজত নেই।’

প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে স্বাগত জানিয়ে আমির হামজা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দুই তারিখে আসবেন কুষ্টিয়াতে, দল-মতনির্বিশেষে উনি সবার প্রধানমন্ত্রী। আমরা দেখছি, কুষ্টিয়ার ভেতরে একটা উৎসাহ কাজ করছে, উদ্দীপনা চলছে। সারা কুষ্টিয়ায় এই রং-চং করা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা, বিভিন্ন জায়গায় যেইগুলো উনি উদ্বোধন করার কথা জানিয়েছেন, আমরা অন্তত ওয়েলকাম (স্বাগত) জানাই। করুক, আমাদের কুষ্টিয়ায় আসতেছেন, আলহামদুলিল্লাহ।’

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সফরের সময় জেলার সার্বিক পরিস্থিতি এবং সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্ব পাবে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD