ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনছে সরকার

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে বড় অঙ্কের জ্বালানি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের চাহিদা মেটাতে প্রায় ৮ হাজার ১০ কোটি টাকার ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি তেল আমদানির প্রস্তাবগুলো অনুমোদন পায়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হবে হাই সালফার ফার্নেস অয়েল (১৮০ সিএসটি) আমদানিতে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে এ তেল কিনতে সরকারের ব্যয় হবে প্রায় ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ টাকা।
একই প্রতিষ্ঠানের কাছ থেকে দুটি প্যাকেজে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল বা ডিজেল কেনা হবে। এর মধ্যে প্রথম প্যাকেজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯৬০ কোটি ৪১ লাখ টাকা। দ্বিতীয় প্যাকেজে ব্যয় হবে প্রায় ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ টাকা।
অন্যদিকে, সিঙ্গাপুরভিত্তিক ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন আমদানি করা হবে। এ জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ টাকা।
তবে ডিজেল ও জেট এ-১ আমদানির আরও দুটি প্যাকেজের প্রস্তাব ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে উপস্থাপন করা হলেও সেগুলো অনুমোদন দেওয়া হয়নি। প্রস্তাব দুটি আরও পর্যালোচনা করে পরবর্তী সময়ে কমিটির বৈঠকে তোলার সিদ্ধান্ত হয়েছে।
জ্বালানি তেল আমদানির পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার টন গম কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
খাদ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাবে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা। প্রতি টন গমের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। ইউএস হুইট অ্যাসোসিয়েটসের ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড এ গম সরবরাহ করবে।
কৃষি উৎপাদন ও সার সরবরাহ নিশ্চিত করতে তিনটি উৎস থেকে মোট ১ লাখ ১০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর মধ্যে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে আমদানি করা হবে ৩০ হাজার টন ব্যাগভর্তি গ্র্যানুলার ইউরিয়া।
এ ছাড়া কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) কাছ থেকে সরকার-টু-সরকার চুক্তির আওতায় আরও ৪০ হাজার টন এমওপি সার কেনা হবে।
জ্বালানি, খাদ্যশস্য ও সার আমদানির এসব সিদ্ধান্তের মাধ্যমে আগামী ছয় মাসের জ্বালানি চাহিদা পূরণ এবং কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণের সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।








