১৫ ও ১৬ ডিসেম্বর গণসমাবেশ করবে জামায়াত

রাজধানীতে পৃথক দুই দিনে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর মগবাজারে এবং ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি জোরদার ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছে দলটি।
বিজ্ঞাপন
ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কর্মসূচির কথা জানান জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সমাবেশে আগামী ১৫ ডিসেম্বর মগবাজারে অনুষ্ঠেয় গণসমাবেশ সফল করার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ বৃদ্ধি, নগরবাসীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং সেগুলো সমাধানে করণীয় নির্ধারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ঘোষিত কর্মসূচিতে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এসব তথ্য জানান।








