Logo

শ্রমিকের অধিকার নিশ্চিত না হলে শিল্পের উন্নয়ন সম্ভব নয়: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৬, ১২:২১
শ্রমিকের অধিকার নিশ্চিত না হলে শিল্পের উন্নয়ন সম্ভব নয়: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

শ্রমিকদের ঘাম ও পরিশ্রমে শিল্পমালিকেরা বিপুল সম্পদের মালিক হলেও তাদের ন্যায্য মজুরি, চিকিৎসা ও জীবনমান নিশ্চিত করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, শিল্প বাঁচলে দেশ বাঁচবে, এ কথা যেমন সত্য, তেমনি শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে—এ বিষয়টিও শিল্পমালিকদের উপলব্ধি করতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দরসংলগ্ন শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি এখনো পূরণ হয়নি। বিশেষ করে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জীবনযাত্রার অবস্থা প্রত্যাশিত পর্যায়ে নেই। একজন শ্রমিক নিজের শ্রম ও ঘাম দিয়ে মালিককে কোটি কোটি টাকার মালিক বানাচ্ছেন। অথচ সেই শ্রমিকের জীবনযাপন, চিকিৎসা এবং পরিবারের ভরণপোষণের দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে না। শিল্পমালিকদের এ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে।

শ্রমিক আন্দোলনের ধরন নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ভাঙচুর, জ্বালাও-পোড়াও, কারখানায় ধর্মঘট ও অগ্নিসংযোগের মতো সন্ত্রাসনির্ভর শ্রমিক রাজনীতিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাস করে না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আদর্শভিত্তিক ও নিয়মতান্ত্রিক ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে হবে।

নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, চট্টগ্রাম দেশের অর্থনৈতিক রাজধানী। শিল্পকারখানা ও সমুদ্রবন্দরের কারণে জাতীয় অর্থনীতিতে এ অঞ্চলের গুরুত্ব অনেক বেশি। তাই এখানে শ্রমিক আন্দোলনকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে হবে। আগামী দুই বছরে নতুন কমিটির নেতৃত্বে আরও বেশি ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করেন তিনি।

সম্মেলনে এস এম লুৎফর রহমানকে সভাপতি এবং আবু তালেব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

শ্রমিক আন্দোলনের আদর্শিক ভিত্তি প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রচলিত শ্রমিক রাজনীতি এবং সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডের মূল দর্শন হওয়া উচিত পরকালের প্রতি বিশ্বাস। ইসলামী আদর্শের আলোকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ১৯৬৮ সালের ২৩ মে তৎকালীন পূর্ব পাকিস্তানে ইসলামী আদর্শের পতাকাবাহী সংগঠন হিসেবে শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। সে সময় শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে কমিউনিজমের প্রসারের মাধ্যম হিসেবে ব্যবহারের প্রবণতা ছিল। এর বিপরীতে ইসলামী আদর্শে বিশ্বাসীরা ট্রেড ইউনিয়ন আন্দোলনকে ইসলামের শিক্ষা ও মূল্যবোধ প্রচারের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ শাহজাহান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মো. জহিরুল ইসলাম।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD