১১ দলসহ নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

সরকারের সঙ্গে রাজনৈতিক সংলাপে ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়ে অংশ নিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ জন্য সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো স্থানে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে দলটি। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি ও ফ্যাসিবাদ প্রতিরোধে রাজনৈতিক ঐক্য গড়ার বিষয়েও আলোচনায় গুরুত্ব দিতে চায় তারা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠকে সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিরপেক্ষ ভেন্যুতে সংলাপের প্রস্তাব
সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগের পর সংলাপে অংশগ্রহণের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে জামায়াত। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ১১ দলীয় ঐক্যের ব্যানারে জোটগতভাবে আলোচনায় বসতে হবে। পাশাপাশি সংলাপের স্থান হিসেবে সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যু নির্ধারণ করতে হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, বিরোধী দল হিসেবে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ রয়েছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে অংশ নেওয়া হবে, তা নিয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে ১১ দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের আলোচনায় এনসিপিও অংশ নেবে বলে তাদের জানানো হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সরকার ও বিএনপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদের ১১ দলীয় ঐক্য একসঙ্গে বসার বিষয়ে জানিয়েছি। এ বিষয়ে আমরা অনড়। এ ছাড়া সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, নিরপেক্ষ ভেন্যুতে বসার বিষয়টিও জানিয়েছি।’
নির্বাচন কমিশনের সঙ্গেও জোটগত আলোচনার সিদ্ধান্ত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে। প্রথম দিন বিএনপি ও জামায়াতসহ ১৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন।
এ আলোচনাতেও এককভাবে অংশ না নিয়ে ১১ দলীয় ঐক্যের ব্যানারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।
এ বিষয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘যেহেতু আমাদের দাবি দাওয়া সবই এক, সেহেতু নির্বাচন কমিশনের সঙ্গেও একসঙ্গে বসতে চাই। ইসিকে জানানো হয়েছে। সব ঠিক থাকলে রবিবার একসঙ্গেই বসব।’
জুলাই সনদ বাস্তবায়নকে প্রধান শর্ত
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপের বিষয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠক ও সংলাপের মধ্যে পার্থক্য রয়েছে। সংলাপের জন্য নিরপেক্ষ স্থান নির্ধারণের পাশাপাশি সেখানে রাজনৈতিক দাবি উত্থাপন এবং ঐকমত্যে পৌঁছানোর সুযোগ থাকতে হবে।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন তাদের প্রধান শর্ত। তার মতে, জুলাই সনদ কার্যকর হলে অধিকাংশ সমস্যার সমাধান সম্ভব।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘যোগাযোগ, আলাপ-আলোচনা চলছে। আমরা দলীয়ভাবে না, জোটগতভাবেই সংলাপে বসতে চাই। আশা করছি শিগগিরই সংলাপে হবে। নির্বাচন কমিশনের ডাকেও সাড়া দিয়েছি। সেখানেও আমরা ১১ দলের ব্যানারেই সংলাপে বসবো।’
এদিকে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে সম্ভাব্য দুই সংলাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা আহ্বান করা হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।








