Logo

শেখ হাসিনার অডিও নিয়ে যা বললেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৬, ১৫:৪০
শেখ হাসিনার অডিও নিয়ে যা বললেন রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জনের মধ্যে তাঁর সুস্থতার প্রমাণ হিসেবে প্রচারিত অডিও নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর পরামর্শ, নিজের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করতে শেখ হাসিনার উচিত ফেসবুক লাইভে এসে বক্তব্য দেওয়া।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দ্য ডিসেন্টের একটি ফ্যাক্টচেক প্রতিবেদন শেয়ার করে এ মন্তব্য করেন রাশেদ খাঁন।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার শারীরিক অবস্থা ও মৃত্যুর গুঞ্জন নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে তাঁর সুস্থতার প্রমাণ হিসেবে একটি অডিও প্রচার করা হয়।

তবে ওই অডিওটি সাম্প্রতিক নয় বলে দাবি করেছে দ্য ডিসেন্ট। ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে প্রচারিত অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।

প্রতিবেদনটি শেয়ার করে রাশেদ খাঁন লেখেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা ...’

এদিকে দ্য ডিসেন্ট জানিয়েছে, শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেনি। তবে তাঁর সুস্থতার প্রমাণ হিসেবে প্রচারিত অডিওটি পুরোনো বলে অনলাইন অনুসন্ধানে পাওয়া গেছে।

অন্যদিকে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের উড়োজাহাজে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন শেখ হাসিনা—সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে যেন তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন। সে কারণে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা চাওয়া হয়েছে।

তবে বাংলাদেশ সরকারের অবস্থান, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরতে হবে। গত বছর বাংলাদেশের একটি আদালত তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী ও পলাতক সন্ত্রাসী। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে হাতকড়া পরিয়ে এবং কঠোর নিরাপত্তার মধ্যে দেশে ফিরতে হবে।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD