হঠাৎ সোহরাওয়ার্দী উদ্যান থেকে নয়াপল্টনে সরল বিএনপির সমাবেশ

বিজয় মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজনের পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বিজ্ঞাপন
রবিবার (২৯ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সমাবেশের স্থান পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গত পরশু সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানের কথা ঘোষণা করা হয়েছিল। তবে সেখানে বর্তমানে উন্নয়ন ও বৃক্ষকেন্দ্রিক বিন্যাসের কাজ চলমান থাকায় সমাবেশ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ কারণে আগামী ১ ডিসেম্বর বিজয় মাসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হবে।
রিজভী জানান, পল্টন কমিউনিটি সেন্টারের সামনে পশ্চিমমুখী করে মূল মঞ্চ তৈরি করা হবে। অর্থাৎ মঞ্চের সামনের অংশ থাকবে বিজয়নগরের দিকে।
এদিকে সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা। তাঁর অভিযোগ, পরাজিত একটি শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোল নিক্ষেপ, স্থাপনায় অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে বেআইনি অস্ত্র নিয়ে যারা বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে এবং মানুষের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যাংকে আগুন দিচ্ছে, তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে। এ ক্ষেত্রে তাদের নিষ্ক্রিয়তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তৎপর না থাকলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়তে পারে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুত রয়েছে।
সংবাদ সম্মেলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। কোনো বেআইনি বা সন্ত্রাসী সংগঠনের কথা বলে লকডাউনের প্রশ্ন তোলা অত্যন্ত দুঃখজনক। সন্ত্রাসীদের কোনো কার্যক্রমকে আমরা রাজনৈতিক কর্মসূচি বলে মনে করি না।
এর আগে শনিবার (২৮ নভেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মধ্য দিয়ে বিজয় মাসের কর্মসূচি শুরু হবে।
দলের মাসব্যাপী যৌথসভার উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে নির্ধারিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন আসনের দলীয় সংসদ সদস্য ও প্রার্থী, শীর্ষস্থানীয় নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে রিজভী জানিয়েছিলেন, ১ ডিসেম্বর বেলা ২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।
তবে পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সমাবেশের স্থান পরিবর্তন করে নয়াপল্টন নির্ধারণ করল দলটি।








