Logo

শেখ হাসিনার সুস্থতার প্রমাণে ১ বছর আগের অডিও প্রচার আ. লীগের

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৬, ১৭:১২
শেখ হাসিনার সুস্থতার প্রমাণে ১ বছর আগের অডিও প্রচার আ. লীগের
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও গুঞ্জন চলছে। তিনি বেঁচে আছেন কি না, এমন প্রশ্ন তুলে ফেসবুকে ছড়িয়েছে বিভিন্ন পোস্ট। এরই মধ্যে তার সুস্থতার প্রমাণ হিসেবে এক বছর আগের একটি অডিও প্রকাশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ নভেম্বর) দলটির ফেসবুক পেজে অডিওটি প্রকাশ করা হয়। তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট জানিয়েছে, অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে। ফলে এটি শেখ হাসিনার সাম্প্রতিক শারীরিক অবস্থার প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তাকে কোনো ভিডিও বা সরাসরি সম্প্রচারে দেখা যায়নি। সম্প্রতি ডিসেম্বরে তার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা আরও বাড়ে। ফেসবুকে ‘আপা আর নেই’—এমন দাবিতেও পোস্ট ছড়াতে দেখা যায়।

এ ছাড়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি)–সংক্রান্ত দুটি পৃথক বিষয় নিয়েও সাম্প্রতিক সময়ে জাল বা ভুয়া তথ্যের অভিযোগ উঠেছে। এসব ঘটনার পর শেখ হাসিনা জীবিত আছেন কি না, এমন প্রশ্নও সামনে এসেছে।

এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রচার করা অডিওতে শেখ হাসিনাকে নিজের সুস্থতার কথা বলতে শোনা যায়। তিনি বলেন, তিনি ‘খুব খুব ভালোভাবে সুস্থ’ আছেন। তার সম্পর্কে নানা কথা ছড়িয়ে নেতাকর্মীদের মনে কষ্ট ও আঘাত দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অডিওতে অভিযোগ করেন তিনি।

তবে অডিওটির সময়কাল নিয়ে প্রশ্ন তুলেছে দ্য ডিসেন্ট। প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পোস্টে জানায়, শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেনি। তবে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে তার সুস্থতার প্রমাণ হিসেবে প্রচার করা অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD