শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা ও হাজার হাজার মানুষকে পঙ্গু করার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে গণভোটে সংস্কারের পক্ষে যে গণরায় এসেছে, সরকারকে তা বাস্তবায়ন করতে হবে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে খুলনায় আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খুলনার ফেরিঘাট মোড় সোনালী ব্যাংক চত্বরে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে মহানগর ও জেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।
আখতার হোসেন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণশুনানি শুধু জেলা পর্যায়ে সীমাবদ্ধ না রেখে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও সম্প্রসারণ করতে হবে। যাতে নির্যাতিত মানুষেরা কথা বলতে পারেন এবং আওয়ামী লীগের জুলুম-অপরাধ সামনে আসে।
তিনি বলেন, পদ্মার শাখা নদীঘেরা খুলনা অঞ্চলের মানুষের জন্য গঙ্গা চুক্তিতে ন্যায্য পানির হিস্যার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফারাক্কা বাঁধের পর নদীগুলোতে পানির সংকট ও সমুদ্র থেকে লবণাক্ত পানি প্রবেশে কৃষক, পরিবেশ, জনজীবন ও মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনগণের স্বার্থে সরকারকে ভারতের সঙ্গে কথা বলে গঙ্গা চুক্তিতে ন্যায্য হিস্যা আদায় করতে হবে।
আখতার হোসেন বলেন, ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক চায়, আমরাও সেই সম্পর্ক চাই কিন্তু সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, প্রভুত্বের নয়। ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগানের মধ্য দিয়ে মানুষ জানিয়ে দিয়েছে—আমরা দিল্লির অধীনতা চাই না।
সীমান্তের ওপারের উসকানি ও হুমকির জবাবে তিনি বলেন, বাংলাদেশের এক ইঞ্চি জমিও কেউ দখল করতে পারবে না, সীমান্তের মানুষ জান থাকতে তা হতে দেবে না।
ফ্যাসিবাদ, দখলদারিত্ব ও দলীয়করণমুক্ত ন্যায্যতা ও ইনসাফের নতুন বাংলাদেশ গড়তে সারাদেশে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হওয়ারও আহ্বান জানান তিনি।
সমাবেশে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম খুলনা ও দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, খুলনা শহর বাংলাদেশের শান্তিপূর্ণ শহরগুলোর একটি। অথচ গত কয়েক মাস ধরে পুলিশ সদস্যদেরও একা চলাচলে সতর্ক থাকতে বলা হচ্ছে। পুলিশের নিরাপত্তা নিয়েই যদি এমন শঙ্কা তৈরি হয়, তবে সাধারণ মানুষের অবস্থা কী দাঁড়ায়? দিনেরবেলায় মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে।
নুসরাত তাবাসসুম আরও বলেন, খুলনার কাছাকাছি গোপালগঞ্জে তিনজনের বাড়ি পুড়িয়ে দেওয়ার মতো নারকীয় ঘটনা ঘটেছে। এখন সরকারের মনে হয়েছে তারা ‘ঐক্য’ ও ‘মিটিং মিটিং’ খেলবে। কিন্তু ঐক্য করতে হলে আগে বকেয়া হিসাব চুকাতে হবে। গণভোটের শপথ ও রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার ছাড়া দেশে সন্ত্রাস বন্ধ করা সম্ভব নয়। জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সরকারের আরামদায়ক গদি বা মঞ্চে বসার কোনো অধিকার নেই।
এনসিপির খুলনা মহানগরের আহ্বায়ক আহম্মদ হামীম রাহাতের সভাপতিত্বে এবং ডা. আব্দুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা এবং কেন্দ্রীয় যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান।
কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি খুলনা মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।








