ইসরায়েল শুধু একটি দেশের নাম নয়, আগ্রাসী ও বর্বর চরিত্রের নাম: গোলাম পরওয়ার

ইসরায়েল শুধু একটি রাষ্ট্রের নাম নয়, বরং আগ্রাসন, বর্বরতা, নিষ্ঠুরতা ও হত্যাকাণ্ডের প্রতীক—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ইহুদি জাতির হাত থেকে মুসলমানদের রক্ষা করতে হলে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিজ্ঞাপন
রবিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. মো. হেলাল উদ্দিন।
বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, ইহুদিরা অতীতে বহু নবীকে হত্যা করেছে। ফিলিস্তিন বাংলাদেশের কাছ থেকে দূরে হলেও আশপাশের কিছু দেশের শাসকদের মধ্যেও আধিপত্যবাদী ও আগ্রাসী মনোভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর অভিযোগ, এসব শক্তি বাংলাদেশের মুসলমানদের অস্তিত্বের জন্যও হুমকি তৈরি করতে চায়।
একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে প্রতিবেশী দেশ আশ্রয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই দেশের মন্ত্রী, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের মধ্যে এ বিষয়ে যে আগ্রহ দেখা যাচ্ছে, তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার তুলনায় বেশি। সংবাদমাধ্যমেও বিষয়টি উঠে আসছে বলে তিনি উল্লেখ করেন।
গোলাম পরওয়ারের দাবি, আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন—আওয়ামী লীগের এমন ঘোষণার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় অস্থিরতা, সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতেও অস্ত্রধারীরা মিছিল, ভাঙচুর ও হামলা চালাচ্ছে। অথচ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিয়ে সরে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন তিনি।
প্রতিবেশী দেশের সাধারণ মানুষের সঙ্গে বাংলাদেশের কোনো বিরোধ নেই জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, দেশটির শাসকেরা আন্তর্জাতিক আইন ও দুই দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি লঙ্ঘন করছেন। তাঁর অভিযোগ, বাংলাদেশের ১৮ কোটি মানুষের জুলাই অভ্যুত্থানের গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে একজন খুনিকে আশ্রয় দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, প্রতিবেশী দেশ থেকে প্রযুক্তিগত সহায়তা ও যোগাযোগের সুযোগ পাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পশ্চিমবঙ্গের কয়েকজন মন্ত্রী বাংলাদেশকে দখলের বিষয়ে বক্তব্য দিয়েছেন বলেও দাবি করেন তিনি। এসব বক্তব্যের পর বাংলাদেশের পক্ষ থেকে যথেষ্ট প্রতিবাদ জানানো হয়নি বলে সমালোচনা করেন গোলাম পরওয়ার।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা বলেছেন—এমন দাবি তুলে তিনি বলেন, এ ধরনের বক্তব্য বাংলাদেশের পৃথক জাতিসত্তার প্রতি হুমকির শামিল।
ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির তুলনা করে গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনের ভূখণ্ডে যেমন একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সেখানকার মানুষের জাতিসত্তা ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তেমনি বাংলাদেশের ভূখণ্ডেও একই ধরনের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হতে পারে বলে তাঁর আশঙ্কা। তবে রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।
ব্রিটিশ ভারত বিভক্তির পর হায়দরাবাদ ও কাশ্মীর দখলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব অঞ্চলে মুসলমানদের ওপর নির্যাতন চালানো হয়েছে। তাঁর মতে, এ ধরনের ঘটনা আগ্রাসী মনোভাবেরই বহিঃপ্রকাশ।
দেশের রাজনৈতিক অঙ্গনে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গোলাম পরওয়ার। তাঁর দাবি, কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে ইসরায়েলের গোয়েন্দাদের গোপন বৈঠকের খবর আগে প্রকাশিত হয়েছিল। নাম উল্লেখ না করে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন সরকারের আশ্রয়-প্রশ্রয়ে রয়েছেন। মুসলিম ভূখণ্ড দখল ও মানুষের ওপর নির্যাতনের অভিযোগ থাকা কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন যোগাযোগ বাংলাদেশের স্বাধীনতা ও অখণ্ডতার জন্য নিরাপদ নয়।
আলোচনা সভার শেষাংশে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ, জামায়াতে ইসলামী এবং মুসলিম উম্মাহর পক্ষ থেকে নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানান তিনি। ইসরায়েলের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে ঢাকার মাটি থেকে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন গোলাম পরওয়ার।








