আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি

জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি।’ একটি দলকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য মানুষ আন্দোলন করেনি; বরং জনগণ রাষ্ট্র ও রাজনীতিতে ব্যাপক পরিবর্তন চেয়েছিল।
বিজ্ঞাপন
রবিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, বিশেষ করে তরুণ প্রজন্ম একটি বড় পরিবর্তনের প্রত্যাশা করেছিল। এই জাতি তাদের কাছে ঋণী। তাদের ভালোবাসা ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ছিল প্রচলিত ব্যবস্থার পরিবর্তন।
তিনি আরও বলেন, আমাদের দলীয় কোনো দাবি নেই। আমাদের সাত দফার প্রতিটি দাবিই জনগণের দাবি। ৭০ ভাগ জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। নির্বাচনের আগে তারাও বলেছে, আমরাও বলেছি—‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে আমরা তার পুরোটাই বাস্তবায়ন করব।
জুলাই সনদের বিভিন্ন জায়গায় বিএনপি মতলবি ডিসেন্ট দিয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানোর জন্য যে ধারাগুলো থাকা দরকার, সেগুলো তারা রাখতে চায়। যেগুলো থাকলে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো যাবে না, সেসব জায়গায় তারা ভিন্নমত দিয়েছে।
আজকের বাংলাদেশ ভালো নেই উল্লেখ করে জামায়াত আমির বলেন, কার কারণে ভালো নেই, এটা সবার সামনে পরিষ্কার। একদিকে বর্তমান সরকার—সাড়ে ১৫ বছর আমাদের সবার মতো তারাও ছিল মজলুম। কিন্তু ৫ তারিখের পর থেকেই তারা সমস্ত কিছু ভুলে গেছে।
তিনি আরও বলেন, ৬ আগস্টের পর থেকেই তারা আওয়ামী স্টাইলে এ দেশের মানুষের ওপর জুলুম শুরু করেছে। ব্যাপক চাঁদাবাজি, দখল-বাণিজ্য, দুর্নীতি, কমিশন বসানো এবং রাজনৈতিক কূটচালের মাধ্যমে এই জাতিকে তারা কষ্ট দিয়ে যাচ্ছে। ইতিহাসের পাতায় পাতায় জাতির সঙ্গে তাদের আচরণ ৫ তারিখের পর থেকে খুবই বেদনাদায়ক।
সংসদ অধিবেশনের শেষ দিন ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত চা-চক্রের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, তিনি প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে জানিয়েছেন, জাতীয় ঐক্যের পক্ষে তাঁরাও রয়েছেন। তবে জাতীয় ঐক্যের পরিবেশ নষ্ট করেছে সরকার।
শফিকুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর না করলে দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।








