সীমান্তে বিজেপি ও আওয়ামী লীগ মিলে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

বাংলাদেশের সীমান্তে বিজেপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে সভা-সমাবেশ করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, আমাদের সীমান্তে চক্রান্ত হচ্ছে। বিজেপি নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে বাংলাদেশের সীমান্তে সভা সমাবেশ করছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের নদ-নদীর পানির অধিকার নিয়েও ষড়যন্ত্র চলছে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন কোনো চুক্তি হবে কি না কিংবা বিদ্যমান চুক্তি নবায়ন করা হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
পানিসম্পদ মন্ত্রীর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রী বলছেন, তিনি দুইটি চিঠি পাঠিয়েছেন। কিন্তু তার কোনো উত্তর পাননি। এখন তিনি বলছেন, কোনো উত্তরই পাচ্ছেন না। তার মানে এই পদ্মাপড়ের মানুষদেরকে মরুভূমিতে পরিণত করার আবারও ষড়যন্ত্র করছে ভারত। তিস্তাপাড় শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে ভারত।
বিএনপি সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, গত আট মাসে বিচার কার্যক্রম স্থবির করে রাখা হয়েছিল। নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি জয়লাভ করেছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করেই নির্বাচনে জিতেছে বিএনপি।
নাহিদ ইসলামের ভাষ্য, আট মাস পর বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। কারণ, আওয়ামী লীগের সঙ্গে তাদের গোপন সমঝোতা ভেঙে গেছে। এখন দলটির সঙ্গে আর সমঝোতা করতে পারছে না বলেই জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে বিএনপি। অথচ ৫ আগস্টের পর কিংবা গত আট মাসে এই ঐক্যের উদ্যোগ কোথায় ছিল, সেই প্রশ্নও তোলেন তিনি।
বিএনপির নেতৃত্বে কোনো আন্দোলন সফল হবে না বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগকে মোকাবিলায় বিএনপি ব্যর্থ হয়েছে। বিরোধী দলে থাকার সময় যেমন তারা সফল হতে পারেনি, তেমনি সরকারে থেকেও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এমনকি তাদের সরকারের সময়ে ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্যও গোপালগঞ্জে যেতে পারছেন না বলে দাবি করেন তিনি। তার মতে, এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা স্পষ্ট হয়েছে।
দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির হাত থেকে জনগণকে রক্ষা করতে হলে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এজন্য ছাত্র, তরুণ, শ্রমিক ও সাধারণ মানুষকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।
তিনি আরও বলেন, খুনি হাসিনাকে আমরা এই দেশের মাটিতে আবার নতুন করে কোনো ধরনের নৈরাজ্য করার সুযোগ দেবো না। আমরা খুনি হাসিনার বিচার চাই। এই বাংলার মাটিতে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হবে। খুনি হাসিনাকে অবশ্যই আসতে হবে। আমরা তাকে আপ্যায়ন করার জন্য ফাঁসির মঞ্চ নিয়ে প্রস্তুত আছি।
আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতে হবে। চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। ৫ আগস্টে তারা এই সুযোগ হারিয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির আপসকামিতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফেরার চেষ্টা করলে তা সফল হবে না। ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি আওয়ামী লীগের পাশে দাঁড়ালেও বাংলাদেশের জনগণ, তরুণ ও সাধারণ মানুষ তাদের আর কোনো সুযোগ দেবে না বলে মন্তব্য করেন তিনি।








