Logo

প্রধানমন্ত্রী সর্বোচ্চ ১০ বছর দায়িত্বে থাকতে পারবেন: তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:০৪
প্রধানমন্ত্রী সর্বোচ্চ ১০ বছর দায়িত্বে থাকতে পারবেন: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না—এমন প্রস্তাব বিএনপিই সর্বপ্রথম জাতির সামনে তুলে ধরেছিল। দলের ঘোষিত ৩১ দফার মধ্যেই এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল এবং সেটি নথিভুক্ত রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, সরকার গঠনের সুযোগ পেলে দেশের আইন অনুযায়ী প্রধানমন্ত্রী পদের মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমাবদ্ধ করার বিধান কার্যকর করা হবে। এ বিষয়ে বিএনপির অবস্থান শুরু থেকেই পরিষ্কার এবং ধারাবাহিক।

বিজ্ঞাপন

সংবিধান সংস্কারের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, রাষ্ট্রীয় কাঠামোকে আরও গণতান্ত্রিক করতে হলে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। বিশেষ করে সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্ক চলছে। বিএনপির ৩১ দফায় এ অনুচ্ছেদকে ধাপে ধাপে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার কথা বলা হয়েছে। কয়েকটি ব্যতিক্রম ছাড়া ধীরে ধীরে এটি উন্মুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে ভোটাধিকার নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই ভোট হতে হবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য, যাতে দেশের মানুষ পূর্ণ আস্থা রাখতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের জনগণের অভিজ্ঞতা থেকে স্পষ্ট যে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই। সে কারণেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি তুলে ধরেছে। ৩১ দফা ঘোষণার সময়ও এই বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছিল।

তারেক রহমান দাবি করেন, স্বৈরাচারী শাসনের সময় প্রায় আড়াই বছর আগে বিএনপিই প্রথম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের কথা তোলে। ভবিষ্যতে সংসদে প্রয়োজনীয় সমর্থন পেলে বিএনপি এই ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেবে বলেও তিনি জানান।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD