সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুর খবরকে গভীর শোকের সঙ্গে গ্রহণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিয়াতে দেওয়া এক স্ট্যাটাসে মির্জা ফখরুল লিখেন, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী রমেশ চন্দ্র সেন আজ প্রয়াত হয়েছেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ জানান, শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজ সেরে নাস্তা করার পর তিনি ওয়ার্ডের ওয়াশরুমে গেলে হঠাৎ মাথা ঘুরে পড়ে। সঙ্গে সঙ্গে দায়িত্বরত সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মা বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন এবং রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। ১৬ আগস্ট রাতে সদর উপজেলার রুহিয়া সেনপাড়ার নিজ বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। প্রথমে ঠাকুরগাঁও জেলা কারাগারে, পরবর্তীতে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তিনি হত্যা মামলাসহ একাধিক মামলায় কারাগারে ছিলেন।
রমেশ চন্দ্র সেন সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচনে অংশ নেন। সেই বছর ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্য পদও শেষ হয়।








