নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী নুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে এসে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বড়লেখার একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদের প্রতি সমর্থন জানিয়ে এই ঘোষণা দেন আব্দুন নুর।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। এ সময় বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রার্থীতা প্রত্যাহারের আগ পর্যন্ত তিনি নিজে মাঠে থেকে গণসংযোগ চালিয়েছেন উল্লেখ করে আব্দুন নুর বলেন, নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছ থেকে যে সাড়া ও ভালোবাসা পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে নিরাপত্তাজনিত আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। আব্দুন নুর অভিযোগ করেন, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত এক প্রভাবশালী ব্যক্তি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছে। এমনকি তার বসতবাড়ির ভোটকেন্দ্র দখল করে নেওয়ার প্রকাশ্য হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এসব হুমকির কারণে নিজের জীবন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এবং টার্গেট কিলিংয়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে জীবনের ঝুঁকি থাকলেও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন থেকে কখনো সরে যাবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই তরুণ নেতা।








