Logo

ঢাকায় দুই দিনে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪৫
ঢাকায় দুই দিনে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান | ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের নির্বাচনি প্রচারণায় রাজধানী ঢাকায় ব্যাপক গণসংযোগের পরিকল্পনা নিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান আগামী রবিবার ও সোমবার ঢাকার বিভিন্ন নির্বাচনি এলাকায় সরাসরি অংশগ্রহণ করে মোট ১৪টি জনসভায় বক্তব্য রাখবেন।

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনি আসনে তারেক রহমান জনসভায় অংশ নেবেন। দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বর থেকে শুরু করে ধারাবাহিকভাবে পল্লবী, মিরপুর-১০, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ, শ্যামলী ক্লাব মাঠ এবং সন্ধ্যা ৬টায় বাড্ডার সাতারকুল সানভ্যালী মাঠে তিনি বক্তব্য রাখবেন। প্রতিটি জনসভা নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ সংযোগস্থলে আয়োজন করা হয়েছে, যাতে সাধারণ ভোটারদের কাছে বার্তা পৌঁছানো সহজ হয়।

বিজ্ঞাপন

পরদিন সোমবার তারেক রহমান তার নিজ নির্বাচনি এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের ৮টি আসনে অংশ নেবেন। এই দিন বেলা ১১টায় বনানী থেকে প্রচারণা শুরু করে কলাবাগান, পীর জঙ্গি মাজার রোড, বাসাবো, যাত্রাবাড়ী, জুরাইন ও ধূপখোলা মাঠ হয়ে সন্ধ্যা ৬টায় লালবাগ বালুর মাঠে নির্বাচনি সফর শেষ করবেন।

মাহদী আমিন আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জনসভাগুলো সফল হবে এবং ভোটের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে একটি নেতার কাছ থেকে ভোটের সিল উদ্ধারকে তিনি এর প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

এছাড়া তিনি দাবি করেন, ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরকা ও নিকাব প্রস্তুত করা হয়েছে। এসব ষড়যন্ত্র রুখতে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD