Logo

দুর্নীতিগ্রস্ত ও বেইনসাফি কাঠামো ফেরাতে মাঠে সুবিধাভোগীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩৯
দুর্নীতিগ্রস্ত ও বেইনসাফি কাঠামো ফেরাতে মাঠে সুবিধাভোগীরা
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লব ছিল বৈষম্যমূলক ও অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত গণবিদ্রোহ। এর মূল লক্ষ্য ছিল পুরোনো বন্দোবস্ত ভেঙে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা। কিন্তু সেই লক্ষ্য বাস্তবায়নের আগেই পুরোনো ব্যবস্থার সুবিধাভোগীরা আবারও দুর্নীতিগ্রস্ত ও বেইনসাফি কাঠামো ফিরিয়ে আনতে পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনী মাঠে নেমেছে।

বিজ্ঞাপন

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া নির্বাচনী ভাষণে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, টানা ১৫ বছর ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, বিচারবহির্ভূত আটক, নির্যাতন ও মিথ্যা মামলার মাধ্যমে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে। এ সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, বিচার বিভাগসহ রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠান রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো হয়। এর ফলে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদী কাঠামো অনেকাংশে ভেঙে পড়লেও এখনো এর দোসররা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে সক্রিয় রয়েছে। নিরাপত্তা বাহিনীর কিছু অংশের নিষ্ক্রিয়তা ও অনাগ্রহের কারণে অপরাধীদের গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও বিচার প্রক্রিয়া প্রত্যাশিত মাত্রায় এগোয়নি। গুম সংক্রান্ত অভিযোগের তদন্তেও নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।

অর্থপাচার ও লুটপাট প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ফ্যাসিবাদী শাসনামলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, যা দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে দুর্বল করেছে। অন্তর্বর্তী সরকার এই অর্থ উদ্ধারের কথা বললেও বাস্তবে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। এর পেছনে পুরোনো ব্যবস্থার সুবিধাভোগী আমলা ও প্রভাবশালী মহলের অন্তর্ঘাতমূলক ভূমিকা রয়েছে।

তিনি জানান, জনগণ যদি এনসিপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে লুটপাট ও অর্থপাচারের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে এবং অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যবহারের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, অতীতে বাংলাদেশ একটি নতজানু ও এককেন্দ্রিক কূটনীতির মধ্যে আবদ্ধ ছিল, যা জাতীয় স্বার্থের পরিপন্থী। ভবিষ্যতে ভারসাম্যপূর্ণ, মর্যাদাপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে। আঞ্চলিক সহযোগিতা জোরদার, সার্ক পুনরুজ্জীবন এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করার কথাও জানান তিনি।

প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করায় বাহিনীর পেশাদারিত্ব ক্ষুণ্ন হয়েছে। এনসিপি ক্ষমতায় এলে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে এবং সক্ষম তরুণদের জন্য প্রশিক্ষণভিত্তিক গণপ্রতিরক্ষা কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কঠোর আইন প্রয়োগ ও দ্রুত বিচার নিশ্চিত করা হবে।

পুলিশ ও বিচারব্যবস্থা নিয়ে নাহিদ ইসলাম বলেন, অতীতে পুলিশ বাহিনী দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল। নির্যাতন, জুলুম ও দুর্নীতির সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা হবে। একই সঙ্গে বিচারব্যবস্থাকে সহজ, দ্রুত ও ন্যায়ভিত্তিক করতে কাঠামোগত সংস্কার করা হবে।

তিনি বলেন, এনসিপির লক্ষ্য একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়া— যেখানে ন্যায়বিচার, অর্থনৈতিক সমতা ও মানবিক মর্যাদা নিশ্চিত হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সেই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD