Logo

যা ইহজগতে বাস্তবায়ন সম্ভব নয়, এমন অঙ্গীকার করবে না বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩০
যা ইহজগতে বাস্তবায়ন সম্ভব নয়, এমন অঙ্গীকার করবে না বিএনপি
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণই রাষ্ট্রক্ষমতার মূল উৎস—এই বিশ্বাস থেকেই বিএনপি রাজনীতি করে। তাই মানুষের সাধ্য ও বাস্তবতার বাইরে কোনো প্রতিশ্রুতি দেওয়ার পথে হাঁটতে চায় না দলটি। যা ইহজগতে বাস্তবায়নযোগ্য নয়, এমন কোনো অঙ্গীকার বিএনপি করবে না; বরং যেসব প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন সম্ভব, সেগুলোই দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর-১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এর অংশ হিসেবে প্রতিটি পরিবারের গৃহিণীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি, যার মাধ্যমে সরকার সরাসরি সহায়তা প্রদান করবে।

বিজ্ঞাপন

তরুণদের কর্মসংস্থানের প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রতিটি এলাকায় অন্তত একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে। এসব প্রতিষ্ঠানে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা নিজ উদ্যোগে ব্যবসা শুরু করতে পারবে কিংবা বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিদেশে চাকরির জন্য যেন কাউকে জমি বিক্রি করতে না হয়, সে লক্ষ্যেই স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে। এজন্য কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ঢাকা-১৫ এলাকার মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে একটি হাসপাতাল স্থাপন করা হবে। এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ১০০ ফুট রাস্তার কাজ দ্রুত শুরু করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিজ্ঞাপন

নারী ক্ষমতায়ন নিয়ে বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। অতীতে খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, ততবারই নারীদের শিক্ষায় অগ্রাধিকার দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ দেশের মেয়েরা প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ পাচ্ছে।

বক্তব্যের শেষদিকে তিনি জুলাই আন্দোলনে আহত ও নিহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের অবদান সম্মান জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। সেই ত্যাগের ভিত্তিতেই একটি প্রত্যাশিত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারেক রহমান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD