ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার গভীর রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
বিজ্ঞাপন
পোস্টে মান্না উল্লেখ করেন, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। তার ভাষ্য অনুযায়ী, ঢাকা-১৮ আসনের নির্বাচনী পরিসর বড় হওয়ায় সেখানে প্রতিদ্বন্দ্বিতা করা অত্যন্ত ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে, যা তার পক্ষে বহন করা সম্ভব নয়। সে কারণেই তিনি ওই আসন থেকে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি লেখেন, বিশেষ একটি প্রেক্ষাপটে ঢাকা-১৮ ও বগুড়া-২—এই দুই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ঢাকা-১৮ আসনে সাড়ে সাতটি থানা ও প্রায় সাড়ে ছয় লাখ ভোটার থাকায় নির্বাচনী ব্যয় অত্যন্ত বেশি। বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি ঢাকা-১৮ আসনের প্রার্থিতা প্রত্যাহার করছেন বলেও জানান। এ সিদ্ধান্তে যারা কষ্ট পেতে পারেন, তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে শুরু থেকেই মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ছিল। রাজধানীর উত্তরা, খিলক্ষেত, কুড়িল, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
অন্যদিকে, মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। শুরুতে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল হলেও নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে তিনি তা ফিরে পান। ওই আসনে প্রথমে বিএনপি তাকে সমর্থনের ঘোষণা দিলেও পরে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়। সেখানে জামায়াতে ইসলামীও নিজস্ব প্রার্থী নিয়ে মাঠে রয়েছে।








