লাইলাতুল গুজব চলছে, সবাই সাবধান: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের আগের রাতে দেশবাসীকে গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান, এসব গুজবে কান দেবেন না। ইনশাআল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী।”
নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে পোস্টে নির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ করা হয়নি।
বিজ্ঞাপন
এর আগে তিনি অভিযোগ করেন, ঢাকা-১৫ আসনে তার নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার ১৩টি বুথ ভাঙচুর করা হয়েছে। বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভাঙচুর হওয়া বুথের ছবি প্রকাশ করে তিনি এ অভিযোগ তোলেন।
তিনি বলেন, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিকভাবে দমিয়ে রাখার চেষ্টা সফল হবে না। পেশীশক্তির রাজনীতি শেষ হয়ে গেছে এবং জনগণকে আর চাপে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সহিংসতার পথ বেছে নেওয়া মানে রাজনৈতিকভাবে ব্যর্থতার পরিচয় দেওয়া। সাধারণ মানুষের সমর্থন আগামীকালের ভোটে প্রতিফলিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. শফিকুর রহমান। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।








