Logo

শেষ হলো ‘ব্যাটল অব বেগমস’, নতুন নেতৃত্বের অপেক্ষায় বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৫১
শেষ হলো ‘ব্যাটল অব বেগমস’, নতুন নেতৃত্বের অপেক্ষায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি যুগসন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে দেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার পরিবর্তনের সম্ভাবনাই তৈরি করছে না, বরং প্রায় সাড়ে তিন দশক ধরে চলা ‘দুই নেত্রী’র অধ্যায়েরও আনুষ্ঠানিক অবসান ঘটাতে যাচ্ছে।

বিজ্ঞাপন

১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মাঝে তত্ত্বাবধায়ক সরকারের সময়কাল বাদ দিলে দেশের শাসনক্ষমতা ঘুরেছে মূলত দুই নারী নেত্রীর হাতেই। দীর্ঘ এই ধারাবাহিকতার পর ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একজন পুরুষ প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে যাচ্ছেন— এমনটাই এখন প্রায় নিশ্চিত রাজনৈতিক বাস্তবতা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক মানচিত্র আমূল বদলে দেয়। আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়, ফলে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকা দলটির আপাতত প্রত্যাবর্তনের পথ বন্ধ।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বয়স, পরিস্থিতি এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিবেচনায় শেখ হাসিনার সক্রিয় রাজনীতিতে ফেরার সম্ভাবনাও ক্ষীণ। একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও ইঙ্গিত দেন, শেখ হাসিনা আগেই অবসরের পরিকল্পনা করেছিলেন এবং এটিই তার শেষ মেয়াদ হওয়ার কথা ছিল। ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনাকে তিনি এক অর্থে “একটি যুগের সমাপ্তি” বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির শীর্ষ নারী নেতৃত্বেরও অবসান ঘটে। বর্তমানে দলটির নেতৃত্বে রয়েছেন তারেক রহমান।

ত্রয়োদশ নির্বাচনে বড় রাজনৈতিক শক্তিগুলোর নেতৃত্বে এখন আর কোনো নারী নেই। বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানই দলকে নেতৃত্ব দিচ্ছেন। দলটি জয়ী হলে তিনিই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন—এমন প্রত্যাশা দলের ভেতরে-বাইরে স্পষ্ট। এটি হবে তারেক রহমানের নেতৃত্বে প্রথম জাতীয় নির্বাচন।

বিজ্ঞাপন

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোটও নির্বাচনী মাঠে সক্রিয়। এই জোট থেকেও সম্ভাব্য সরকারপ্রধান হিসেবে কোনো নারী নেতার নাম নেই। ফলে প্রায় নিশ্চিতভাবেই নতুন প্রধানমন্ত্রী হবেন একজন পুরুষ।

১৯৯০ সালে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পর ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর আগে ১৯৮৯-১৯৯০ সালে কাজী জাফর আহমদ ছিলেন বাংলাদেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী। এরপর টানা তিন দশকের বেশি সময় দেশের সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন দুই নারী নেতা—খালেদা জিয়া ও শেখ হাসিনা।

সেই হিসেবে জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় প্রায় ৩৬ বছর পর আবারও একজন পুরুষ নেতা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন—যা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

স্বাধীনতার পর ১৯৭৩ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হন। পরবর্তী সময়ে সামরিক শাসন ও রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে ৯০-এর গণঅভ্যুত্থান নতুন অধ্যায় রচনা করে। সেখান থেকেই শুরু হয় ‘দুই নেত্রী’র যুগ।

১৯৯১ সালে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। তিনি ১৯৯৬ সালে স্বল্প সময়ের জন্য এবং ২০০১-২০০৬ মেয়াদেও দায়িত্ব পালন করেন। অন্যদিকে, শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসেন। এরপর ২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত টানা চার মেয়াদে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে দেশের ইতিহাসে দীর্ঘতম সময় প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েন।

বিজ্ঞাপন

তবে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। দশম সংসদ নির্বাচন ‘বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট’, একাদশ সংসদ নির্বাচন ‘রাতের ভোট’ এবং দ্বাদশ সংসদ নির্বাচন ‘ডামি ভোট’ নামে পরিচিতি পায় রাজনৈতিক অঙ্গনে।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের প্রধান তাজউদ্দীন আহমদ (১৯৭১-১৯৭২)। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান দায়িত্ব নেন। এরপর বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন মুহাম্মদ মনসুর আলী, শাহ আজিজুর রহমান, আতাউর রহমান খান, মিজানুর রহমান চৌধুরী, মওদুদ আহমদ ও কাজী জাফর আহমদ। ১৯৯১ সালের পর থেকে দীর্ঘ সময় সরকারপ্রধানের পদে ছিলেন খালেদা জিয়া ও শেখ হাসিনা।

স্বাধীনতার পর এখন পর্যন্ত ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি নির্বাচনই দেশের রাজনৈতিক ইতিহাসে ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করেছে। তবে ত্রয়োদশ নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এটি শুধু সরকার পরিবর্তনের সম্ভাবনাই নয়, বরং নেতৃত্বের ধারায় মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারী নেতৃত্ব গত তিন দশকে বাংলাদেশের রাজনীতিতে শক্ত ভিত গড়ে তুলেছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, শেখ হাসিনার অনুপস্থিতি এবং খালেদা জিয়ার মৃত্যুর ফলে ক্ষমতার কেন্দ্রে পুরুষ নেতৃত্বের প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাই কেবল আরেকটি ভোট নয়; এটি বাংলাদেশের রাজনীতিতে এক যুগের সমাপ্তি এবং নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিনের দুই নেত্রীর প্রভাবমণ্ডিত অধ্যায়ের পর দেশ এখন অপেক্ষা করছে নতুন নেতৃত্বের সূর্যোদয়ের।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD