Logo

ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, ভারতের সঙ্গে নয়: জিএম সিরাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জুন, ২০২৬, ২০:০০
ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, ভারতের সঙ্গে নয়: জিএম সিরাজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে অবিচ্ছেদ্য উল্লেখ করে বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ বলেছেন, স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে কিন্তু প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্কের ডিভোর্স হতে পারে না।

বিজ্ঞাপন

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন জিএম সিরাজ।

বক্তব্যে তিনি বলেন, ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ ও ভারত চিরকালীন প্রতিবেশী। এই অবস্থান থেকে কোনো দেশই অপর দেশকে অস্বীকার করতে পারে না। তাই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ইতিবাচক ও সহযোগিতামূলক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, দুই দেশের জনগণের স্বার্থেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়া উচিত। পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ককে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সংসদে বক্তব্য দিতে গিয়ে জিএম সিরাজ সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনারের বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, নতুন হাইকমিশনার দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব দিয়েছেন। তবে সেই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া ও বিতর্ক দেখা গেছে।

তার মতে, এই প্রতিক্রিয়ার পেছনে কী কারণ রয়েছে, তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে হলে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নিতে হবে।

বিজ্ঞাপন

সীমান্ত ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, সীমান্তে ‘পুশ-ইন’ বা অনুপ্রবেশ সংক্রান্ত অভিযোগের বিষয়টি সমাধান হওয়া জরুরি। তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন কর্মকাণ্ড বন্ধ করে দুই দেশের জনগণের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পরিবেশ তৈরি করা উচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশ কিংবা ভারত— কোনো দেশের বিরুদ্ধেই নেতিবাচক মনোভাব বা বিদ্বেষমূলক পরিস্থিতি কাম্য নয়। উভয় দেশই শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

বক্তব্যে মাদক পাচারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন জিএম সিরাজ। তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদকের প্রবাহ দেশের তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদকের কারণে যুবসমাজ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি মনে করেন, সীমান্ত ব্যবস্থাপনা জোরদার এবং দুই দেশের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আরও কার্যকর সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সংসদে দেওয়া বক্তব্যে জিএম সিরাজ বাংলাদেশ-ভারত সম্পর্ককে বাস্তবতা, পারস্পরিক নির্ভরতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD